৩০০ কিলোমিটারের দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দেওয়ার এক কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের আলট্রা-ট্রেইল দৌড়বিদ পার্থ সাহা। থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক আলট্রা-ট্রেইল দৌড় প্রতিযোগিতা ‘৫০০ থাইল্যান্ড ২০২৬’-এর ৩০০ কিলোমিটার বিভাগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন তিনি।

আগামী ২৫ নভেম্বর থাইল্যান্ডে এই প্রতিযোগিতার সূচনা হবে। পার্থ সাহার এই দুঃসাহসিক যাত্রায় পৃষ্ঠপোষকতা প্রদান করছে রেনাটা পিএলসি, যা প্রতিষ্ঠানটির মানবিক উদ্যোগ ‘রেনাটা ক্যানসার কেয়ার’-এর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এবারের এই অভিযাত্রার প্রতিটি কিলোমিটার তিনি উৎসর্গ করছেন ক্যানসারযোদ্ধা, ক্যানসারজয়ী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি। দুর্গম পাহাড়ি পথ, দীর্ঘ দূরত্ব এবং শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা জয় করার এই প্রচেষ্টার মাধ্যমে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষগুলোর অদম্য সাহস, ধৈর্য এবং বেঁচে থাকার তীব্র সংগ্রামকে বিশ্বদরবারে তুলে ধরতে চান।

নিজের এই লক্ষ্য সম্পর্কে পার্থ সাহা বলেন, ‘তাঁরা প্রতিদিন এর চেয়েও কঠিন পথ পাড়ি দেন। আমি শুধু তাঁদের সাহসটা বয়ে নিয়ে যাচ্ছি।’

আন্তর্জাতিক অঙ্গনে পার্থ সাহা ইতিপূর্বে একাধিক কঠিন আলট্রা-ট্রেইল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। গত আগস্টে ইউরোপের আল্পস পর্বতমালায় প্রায় ১৭৪ কিলোমিটারের অত্যন্ত মর্যাদাপূর্ণ ইউটিএমবি মঁ-ব্লাঁ প্রতিযোগিতা তিনি ৪৫ ঘণ্টা ২২ মিনিটে সম্পন্ন করেছেন। এছাড়া জাপান, নেপাল ও ভারতের বিভিন্ন দুর্গম আলট্রাম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি নিজের সহনশীলতা ও দৃঢ় মনোবলের প্রমাণ দিয়েছেন।

পার্থ সাহার এই আন্তর্জাতিক অভিযাত্রাকে উৎসাহিত করতে রেনাটা পিএলসির পক্ষ থেকে তাঁর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (ফার্মাসিউটিক্যাল বিজনেস অ্যান্ড অপারেশনস) সৈয়দ ওমর কবির। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার এবং হেড অব মার্কেটিং, অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিও, মুহম্মদ আমির আব্দুল্লাহ্ সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

এই বিশেষ মুহূর্তে সৈয়দ ওমর কবির বলেন, “পার্থ সাহার মতো একজন অদম্য ও প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদের পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাঁর এই যাত্রা কেবল একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং সাহস, অধ্যবসায় ও মানবিকতার এক অনন্য বার্তা।”