ছয় ডলার, ছয় নম্বর জার্সি এবং ছয়টি মহাদেশ। আপাতদৃষ্টিতে এই সংখ্যাগুলোর মিল দেখে মনে হতে পারে সবকিছু খুব পরিকল্পিতভাবে সাজানো। তবে সের্জিও বারবোসার ক্ষেত্রে এই পরিকল্পনাটি কোনো পেশাদার এজেন্টের নয়, বরং সাজিয়েছেন সস্তা ফ্লাইটের টিকিট আর হোয়াটসঅ্যাপের একটি বিশেষ গ্রুপ। এই গ্রুপের তিনশ সদস্য প্রতি মাসে তাঁকে ছয় ডলার করে প্রদান করেন এবং বিনিময়ে তাঁরাই ঠিক করে দেন বারবোসা কোন ক্লাবে খেলবেন কিংবা তাঁর জার্সির নম্বর কত হবে। এবার তাঁদের লক্ষ্য ছিল ছয় নম্বর কনফেডারেশন ওশেনিয়া, কারণ সেখানেই খেলা বাকি ছিল বারবোসার।

গত ২১ সেপ্টেম্বর ব্রাজিল থেকে তাহিতিতে পাড়ি জমান বারবোসা। সেখানে পৌঁছেই শুরু হয় ক্লাব খোঁজার দৌড়ঝাঁপ, ফিফার কাছে লিগের বৈধতা যাচাই এবং চুক্তির শেষ মুহূর্তের নাটক। এমনকি সাইক্লোনের কারণে আটকে পড়া এবং দেশে ফেরার টিকিটের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাঁকে। তবে তাঁর জীবনের রোমাঞ্চ শুরু হয়েছিল আরও আগে।

শৈশবে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলে খেলতেন বারবোসা। স্বপ্ন ছিল দ্রুতই বড় ফুটবলার হয়ে দামি গাড়ি ও বড় বাড়ির মালিক হওয়া এবং টেলিভিশনের পর্দায় নিজেকে দেখা। কিন্তু প্রতিভাবান ফুটবলারদের ভিড়ে ফ্লামেঙ্গোর মূল দলে জায়গা করে নিতে পারেননি তিনি। সেই দলে তখন ছিলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনিও-র মতো তারকা।

২০১১ সালে ফ্লামেঙ্গো ছাড়ার পর ব্রাজিলের নিম্নপর্যায়ের বিভিন্ন ক্লাবে খেলতে শুরু করেন তিনি, তবে সেখানেও নিয়মিত সুযোগ মেলেনি। ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বারবোসা বলেন, “মাসে ২০০ ডলারের মতো বেতনে খেলতাম, কখনো কখনো সেই টাকাও পেতাম না। নিজেকে বলেছিলাম, এ তো ফুটবল নয়! টেলিভিশনে যে খেলাটা দেখেছি, এটা সেই খেলা নয়!”

২০১৫ সালে কোস্টারিকায় খেলার সুযোগ আসায় বেতনের কথা না জেনেই বিমানে উঠে পড়েন তিনি। মধ্য আমেরিকার লিমন ক্লাবের মাধ্যমে শুরু হয় তাঁর বিদেশযাত্রা। পরবর্তীতে গুয়াতেমালার কোমুনিকাসিওনেসের রিজার্ভ দল এবং হন্ডুরাসের জুটিকালপায়ও তিনি খেলেছেন। এরপর আর ব্রাজিলের কোনো ক্লাবে ফেরার সুযোগ পাননি তিনি।

কোস্টারিকার পর বারবোসার গন্তব্য হয় এশিয়া। লাওস ও কম্বোডিয়া হয়ে ২০১৯ সালে তিনি ভারতের ইন্ডিয়ান সুপার লিগের দল মিনের্ভা পাঞ্জাবে যোগ দেন। এক মৌসুম খেলার পর ইউরোপের মাল্টার জেইতুন করিন্থিয়ানসে যোগ দেন, যেখানে মাত্র ৯টি ম্যাচ খেলার সুযোগ পান। ২০২১ সালে তিনি পুনরায় ভারতে ফিরে আসেন।

নিজের ক্যারিয়ারের সেরা সময়ের কথা বলতে গিয়ে বারবোসা ভারতের কথা উল্লেখ করেন। পাঞ্জাব, দিল্লি ও রাজস্থানের বিভিন্ন ক্লাবের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “ভারতে আমার সবচেয়ে ভালো স্মৃতি। সেখানে পাঁচটি ক্লাবে খেলেছি। আমার কোচ সব সময় আমাকে জড়িয়ে ধরতেন। সবচেয়ে বেশি বন্ধুও বানিয়েছি ওই দেশেই।”

এরপর তিনি যুক্তরাষ্ট্রের নোনা এফসি এবং নেপালের ধনগড়িতে খেলেন। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকা, উত্তর ও মধ্য আমেরিকা, এশিয়া এবং ইউরোপের ফুটবল কনফেডারেশনের অধীন লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেন তিনি। গত বছর ব্রাজিলের একটি পডকাস্টে কথা বলার সময় তিনি জানান, তাঁর আর মাত্র দুটি মহাদেশ বাকি—আফ্রিকা ও ওশেনিয়া। এই লক্ষ্য পূরণ করতে পারলে তিনি এক বিরল কৃতিত্বের মালিক হবেন। এই বিষয়টি শ্রোতাদের পাশাপাশি বারবোসার মনেও গেঁথে যায়।

আফ্রিকায় খেলার প্রস্তাব আগে এলেও ভারতে ভালো লাগার কারণে অ্যাঙ্গোলা ও লিবিয়ার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তবে যোগাযোগের তথ্যগুলো তিনি সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে পুনরায় যোগাযোগ করে এবং সস্তা টিকিটের সুযোগ দেখে ২০২৫ সালে অ্যাঙ্গোলায় পৌঁছান এবং ব্রাভোস দো মাকুইস ক্লাবে যোগ দেন।

তবে আফ্রিকার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। প্রাক্-মৌসুম প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়ে পা ভেঙে ফেলেন তিনি। ছয় মাস পর মাঠে ফিরলেও আত্মবিশ্বাস ফিরে পেতে আরও এক বছর সময় লেগে যায়। শেষ পর্যন্ত অ্যাঙ্গোলার ক্লাবটির হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পারেন তিনি, তবে তাতেই সিএএফ-এর অধীন লিগে খেলার লক্ষ্য পূরণ হয়। বাকি থাকে শুধু ওশেনিয়া।

ওশেনিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় বারবোসার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন এবং হাতে সময় ছিল খুব কম। বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকা দেশগুলোর মধ্যে সামোয়া, তাহিতি, টোঙ্গা ও ভানুয়াতের মধ্যে তাহিতির টিকিট সবচেয়ে সস্তা ছিল। তিন দিনের দীর্ঘ ভ্রমণ শেষে তিনি সেখানে পৌঁছান। তাঁর অনলাইন সহযোগীরা আগেই স্থানীয় ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বারবোসার জনপ্রিয়তার মূল কারণ হলো পেশাদার ফুটবলের রূঢ় বাস্তবতা নিয়ে তাঁর খোলামেলা আলোচনা। তাঁর মতে, টেলিভিশনে দেখা ফুটবলারদের জীবন আর সাধারণ পেশাদার ফুটবলারদের বাস্তবতায় অনেক পার্থক্য রয়েছে। তিনি বলেন, “আমি সব সময় খেলোয়াড়দের শুধু ফুটবলের ভালো দিকগুলো নিয়ে কথা বলতে দেখেছি। বাস্তবতা নিয়ে কাউকে বলতে দেখিনি। তাই গত বছর থেকে ফুটবলে আসলে কী ঘটে, সেসব বলতে শুরু করেছি। কারণ, টেলিভিশনে যেসব খেলোয়াড়কে দেখেন, তাঁরা মোট ফুটবলারের মাত্র ৫ শতাংশ।”

এই সততার কারণে ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এখন আড়াই লাখে পৌঁছেছে। এ বছর তিনি ‘জোগাদর দুবলে’ বা ‘স্টান্টম্যান প্লেয়ার’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছেন।

তাহিতিতে পৌঁছে তিনি প্রতিবেশী দ্বীপ মুরিয়ার একটি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেন। তবে মুরিয়া লিগ ২ নামের প্রতিযোগিতাটি ফিফার স্বীকৃত কি না, তা নিয়ে তাঁর মনে সন্দেহ ছিল। বারবোসার ভাবনা ছিল, “ভবিষ্যতে হয়তো আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চাইব। তাই সবকিছু বৈধ হওয়া জরুরি।”

এই জটিলতা কাটাতে তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক বন্ধুর সাহায্য নেন। সেই বন্ধু ফিফার মাধ্যমে নিশ্চিত করেন যে, ক্লাবটি তাহিতি ফুটবল ফেডারেশনের সদস্য এবং তাহিতি ফেডারেশন ফিফার সদস্য হওয়ায় এই অভিজ্ঞতা স্বীকৃত হবে। তবে চুক্তির বিষয়ে অনিশ্চয়তা ছিল। বারবোসা বলেন, “আমি চুক্তিতে সই করেছিলাম একেবারে শেষ দিনে। ক্লাবটি এর আগে কোনো বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেনি। তারা জানত না, কী করতে হবে। কাগজপত্র বাতিল হয়ে গেলে হয়তো আর খেলার সুযোগ পেতাম না। কারণ, পাঠানোর জন্য আমার হাতে একটাই সুযোগ ছিল।”

অবশেষে সব প্রক্রিয়া সম্পন্ন করে তাহিতির এএস তোহিয়া ক্লাবের হয়ে খেলার অনুমতি পান তিনি। অক্টোবরের শুরুতে তামারি তাপুহুতের বিপক্ষে ৫-১ গোলের জয়ে অভিষেক হয় বারবোসার। প্রথম ম্যাচেই তিনি দুটি গোল (যার একটি ফ্রি-কিক থেকে) এবং একটি অ্যাসিস্ট করেন।

এর মাধ্যমেই ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের অধীন লিগে খেলা প্রথম আউটফিল্ড খেলোয়াড় হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেন তিনি। আশির দশকে পেরুর অগুস্তো পালাসিওস ছয় মহাদেশে খেললেও তাঁর সময় দক্ষিণ আফ্রিকা ফিফা থেকে নিষিদ্ধ ছিল এবং অস্ট্রেলিয়া তখন এশিয়ান কনফেডারেশনে যোগ দেয়নি।

তবে তাহিতিতে তাঁর অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। নতুন ক্লাবটি তাঁকে বেতন দিচ্ছিল না, শুধু থাকার খরচ দিচ্ছিল। অন্যদিকে অন্তঃসত্ত্বা স্ত্রী ব্রাজিলে থাকায় আর্থিক ও পারিবারিক কারণে তাঁকে ফিরতে হয়। পাঁচ ম্যাচের চুক্তিতে চার গোল ও চারটি অ্যাসিস্ট করার পর যখন তিনি ফেরার প্রস্তুতি নেন, তখন সাইক্লোনের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যায়। ফ্লাইট চালু হলে টিকিটের দাম বেড়ে তিন হাজার ডলার হয়। আবারও তাঁর হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা অর্থ সহায়তায় তাঁকে দেশে ফেরান।

তবে এই অভিযাত্রা এখানেই শেষ নয়। ইএসপিএন-এর এক প্রশ্নে বারবোসা জানান, তিনি আবারও আফ্রিকায় ফিরতে চান। কারণ ছয়টি কনফেডারেশনের পাঁচটিতেই তিনি গোল ও অ্যাসিস্ট করেছেন, শুধু আফ্রিকায় বাকি। তিনি বলেন, “আফ্রিকায় একদিন ফিরে যাব আমার মিশন শেষ করতে। ছয়টি কনফেডারেশনে গোল ও অ্যাসিস্ট করেছি—এই কীর্তিটা গড়তে চাই।”