কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে শুরুতে সরকারের সঙ্গে দলটির সমঝোতার ভিত্তিতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ বলে মনে করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে অনলাইনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দলের কয়েকজন নেতা আক্রান্ত হওয়া এবং সহিংসতার মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার পর এবার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ফলে আওয়ামী লীগের এই তৎপরতা রুখতে এখন সর্বশক্তি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে তৈরি হওয়া সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টানা কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি জানান, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে এনসিপি। এই কর্মসূচিগুলো পাঁচটি বিশেষ দাবির ভিত্তিতে পরিচালিত হবে—সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

এনসিপির রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব মুক্তকণ্ঠকে বলেন, ‘সন্ত্রাসবাদী আওয়ামী লীগ গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় হামলা, অগ্নিসংযোগ, হাসপাতালে হামলা করে কয়েক দিনে বাস চালকসহ ৫-৬ জনকে হত্যা করেছে। ভারতে বসে লীগের নেতৃত্ব পরিকল্পনা ও নির্দেশনা দিয়ে এ ধরনের নৈরাজ্য করে জনগণের মধ্যে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এনসিপি দেশদ্রোহী ও সন্ত্রাসবাদী লীগের এই অপতৎপরতা থেকে দেশের জনগণ ও স্বার্বভৌমত্ব রক্ষায় জনগনকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকবে।’

সাম্প্রতিক সময়ে এনসিপি নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে। গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ধর্মঘট পালনের ঘোষণার পর দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার মুখে পড়েন এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম। তাঁর ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়।

এর পরদিন মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুসরাত ও এনসিপি নেতাদের অভিযোগ, তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শুরুতে এনসিপি নেতারা মনে করেছিলেন, সরকার হয়তো নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে কিছু নাশকতা করার সুযোগ দিচ্ছে, যা ছিল একটি ‘নিয়ন্ত্রিত নাশকতা’। ফলে এর বিরুদ্ধে মাঠে নামার প্রয়োজন দেখেনি দলটি। এমনকি আওয়ামী লীগকে এই সুযোগ দেওয়ার পেছনে সরকারের কোনো কৌশল আছে কি না—যেমন বিরোধী দলকে ভয় দেখিয়ে চুপ রাখা—সেই প্রশ্নও ছিল তাঁদের মনে।

এই দুই ঘটনার পর এনসিপিকে খুব একটা সক্রিয় হতে দেখা যায়নি; কেবল দুটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল। গত ১২ নভেম্বর এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেছিল মুক্তকণ্ঠ। তখন তাঁদের মূল্যায়ন ছিল, সরকার নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে কিছু নাশকতা করার সুযোগ দিচ্ছে। এটি নিয়ন্ত্রিত নাশকতা। ফলে এর বিরুদ্ধে মাঠে নামার কিছু নেই। আওয়ামী লীগকে স্পেস (জায়গা) দেওয়ার পেছনে সরকারের দিক থেকে বিরোধী দলকে ভয় দেখিয়ে অপকর্মের বিরুদ্ধে চুপ করানোর কৌশল আছে কি না, সেই প্রশ্নও ছিল এনসিপি নেতাদের মনে। তবে সত্যিকারের হুমকি তৈরি হয়েছে বলে মনে হলে মাঠে নামার কথা বলেছিলেন দলটির নেতারা।

এরপর ১৩ নভেম্বর সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ১৫ নভেম্বর বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাঁকে মুঠোফোনে কল করে আবারও হুমকি দেওয়া হয়। বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’

এদিকে সাত দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আওয়ামী লীগের একদল কর্মী ও সমর্থক তাঁকে হেনস্তার চেষ্টা করেন। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

পরবর্তীতে ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের পর এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়ায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির প্রবেশপথে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশের ভাষ্যমতে, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল।

এই ব্যক্তিগত হামলাগুলোর পাশাপাশি গত কয়েক দিনে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সামগ্রিক সহিংসতার মাত্রাও বহুগুণ বেড়েছে। ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন এবং পুলিশের স্থাপনা ও গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চলছে। গোপালগঞ্জসহ কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ নেই বলে মনে করা হচ্ছে। নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া গত ১০ দিনে দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে, যার মধ্যে ৪৯টি ঘটনাই ঘটেছে ১৮ ও ১৯ নভেম্বর।

এনসিপি এখন দেশের পরিস্থিতিকে উদ্বেগজনক মনে করছে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতার মতে, আওয়ামী লীগ এখন তাদের শেষ মরণকামড় দেওয়ার চেষ্টা করছে। জুলাই আন্দোলনের সম্মুখসারির শক্তি হিসেবে এনসিপি নেতারা যে তাদের প্রথম লক্ষ্য, তা এখন স্পষ্ট। তাই আওয়ামী লীগ যেন তাদের পরিকল্পনায় সফল হতে না পারে, সেজন্য এনসিপি সম্পূর্ণ সক্ষমতা নিয়ে মাঠে থাকছে।

উল্লেখ্য, গত বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের পর ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এরপরই এনসিপির রাজনৈতিক পর্ষদের সভা অনুষ্ঠিত হয় এবং তারা ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নেয়।

আগে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ মনে করলেও এখন মূল্যায়নে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে দলের রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার মুক্তকণ্ঠকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে এনসিপি মনে করছে। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া উচিত বলে আমরা মনে করছি। আমরা সারা দেশের দলীয় নেতা–কর্মীদের মতামত নিয়েছি। আওয়ামী লীগের বিষয়ে শুধু সরকারের ওপর নির্ভর না করে মাঠে থাকার ব্যাপারে সেখান থেকে মতামত এসেছে। সেজন্য এনসিপি কর্মসূচি ঘোষণা করেছে।’