রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপন করে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোর জেলার এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে বিএনপি নেতা ও কর্মীদের সহায়তায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানার লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে আশ্রয় নেন হাবিবুর রহমান। সেখানে তাড়াহুড়ো করে তিনি লাফিয়ে একটি দোকানের ছাদে উঠে যান। পরবর্তীতে তাঁকে সেখান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য যে, আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় যে, বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকেই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।

জানা গেছে, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে গত দুই মাস ধরে আত্মগোপন করে ছিলেন। বিএনপির কর্মীদের হামলার মুখে পড়ে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নিতে চেষ্টা করেন এবং পরে লাফ দিয়ে পাশের একটি দোকানের ছাদে চলে যান।

ঘটনা প্রসঙ্গে আবদুর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, “যুবলীগ নেতা হাবিবুর রহমান এই মহল্লায় এসে ভাড়া বাসায় থাকতেন বিষয়টি আগ থেকে তিনি জানতেন না। কিছুদিন থেকে খেয়াল করেন তাঁর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তিনি চা খেতে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতেও তিনি এসেছিলেন।”

তিনি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির লোকজন নাটোর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হন। এরপর ২০-৩০ জনের একটি দল এসে হাবিবুর রহমানকে মারধর শুরু করলে তিনি দৌড়ে আবদুর রশিদের বাসায় আশ্রয় নেন। সেখান থেকে তিনি পাশের একটি দোকানের ছাদে চলে যান। বিএনপির নেতা-কর্মীরা তাঁকে সেখানে আটক করে পুনরায় মারধরের চেষ্টা করেন, তবে স্থানীয় লোকজন তাঁদের বাধা দেন। এরপর খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী জানান, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হয়ে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন এবং পরে লাফ দিয়ে আরেকটি দোকানের ছাদে চলে যান।

এই বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “হাবিবুর রহমানের নামে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা–পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

অন্যদিকে, পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে নাটোর সদর থানার পুলিশের কাছে তাঁরা শুধু হস্তান্তর করেছেন।