আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি স্পষ্টভাবে জানান, আদালতের এই রায় কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং এর বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) ফুটবল মাঠে রোহিঙ্গাদের এক বিশাল সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে রায় দেওয়ার পর এই সমাবেশের আয়োজন করা হয়। এই বিশাল সমাবেশে বিভিন্ন আশ্রয়শিবির থেকে আসা অন্তত ৩৫ হাজার রোহিঙ্গা অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, “আজকে (শুক্রবার) সকালে আমি এখানে এসেছি একটা বিশেষ দিনে, একটা ঐতিহাসিক মুহূর্তে। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছেন মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড সংঘটন করেছে। এই কোর্টের ইতিহাসে এই প্রথম একটি দেশকে জেনোসাইড করেছে বলে চিহ্নিত করা হলো।”

পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর উপস্থিত রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়ে হাততালি দেন এবং স্লোগান দেন।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। আদালতের এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আক্ষেপ করে বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতিই হলো ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।

রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বড় দায়িত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রত্যাবাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বারবার নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। তবে কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য তাদের প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।

নাগরিকত্বের বিষয়ে খলিলুর রহমান বলেন, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের প্রবেশাধিকারও মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।

রোহিঙ্গাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থ দিয়ে কোনো জীবন ফিরিয়ে আনা বা স্বজন হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপত্তাবোধ ও আশার জায়গা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এ ক্ষেত্রে নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।

রোহিঙ্গাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, “ন্যায়বিচারের রায় এসেছে। এখন দায়িত্ব হলো আশ্রয়শিবিরগুলোতে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করা।”

সমাবেশে রোহিঙ্গা নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের কাছে স্বদেশে ফেরার আকুতি জানান। রোহিঙ্গা নেতা মোজাম্মল হক ও মোহাম্মদ আলম বলেন, “ক্যাম্পের জীবন আর নয়, আমরা আরাকানে (রাখাইনে) ফিরতে চাই।”

রোহিঙ্গা নাগরিক সংগঠন ইউসিআরের সভাপতি কিন মং বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা সরাসরি শোনার জন্য আমরা জাতিসংঘের নেতা ড. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞ। আমরা আশ্রয়শিবিরে অনির্দিষ্টকাল থাকতে চাই না, বাড়ি ফিরতে চাই। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে চাই।

রোহিঙ্গা যুব অধিকার কর্মী মুজিবুর রহমান বলেন, “আমরা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। আইসিজের রায় আমাদের জন্য আশার জায়গা তৈরি করেছে। কিন্তু শুধু রায় হলে হবে না, যারা আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, “বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে আমাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে।”

সকাল আটটা থেকে বিভিন্ন আশ্রয়শিবিরের রোহিঙ্গারা দলে দলে ক্যাম্প-৪-এর ফুটবল মাঠে আসতে থাকেন। সকাল নয়টার দিকে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সাড়ে নয়টার দিকে সমাবেশ শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী সেখানে পৌঁছালে রোহিঙ্গা নেতারা তাঁকে স্বাগত জানান। সমাবেশে রোহিঙ্গারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।

রোহিঙ্গা সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের’ সভাপতি মোহাম্মদ জুবায়ের বলেন, এ রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের ওপর যে পরিমাণ নিপীড়ন-গণহত্যা চালিয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেল।

আশ্রয়শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। আদালতের এ রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এতে কী করতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন সংশ্লিষ্ট সব পক্ষকে রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আরও বলেন, এটি শুধু রোহিঙ্গাদের সমস্যা কিংবা বাংলাদেশের একার সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বের সমস্যা। এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

পরে পররাষ্ট্রমন্ত্রী আশ্রয়শিবির ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম রোহিঙ্গা আশ্রয়শিবির সফর। এ সময় তিনি রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা, মানবিক সংকট ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।