ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে যে জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হয়েছিল, তা ধরে রাখতে বিএনপি দল হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি মনে করেন, সরকার গঠনের পর এই ব্যর্থতার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি অবিশ্বাস এবং দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য এক আত্মঘাতী পরিস্থিতি তৈরি করে নিয়েছে। তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, “তবে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। এই ঐক্যের ফাটল মেরামতের প্রধান দায়িত্ব সরকারের।”

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, তা রক্ষার ওপর আমরা শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছি। অন্তর্বর্তী সরকারের আমল থেকে নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক ফোরামে এ বিষয়ে কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সরকার হিসেবে আরও বেশি ব্যর্থ হয়েছে। তারা রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস তৈরি করেছে। কথায় কথায় মিত্রদের আক্রমণ করে নিজেদের জন্যই আত্মঘাতী পরিস্থিতি তৈরি করেছে।”

জাতীয় ঐকমত্যের বিষয়ে তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান অনেক বিলম্বে এলেও আমরা তাকে স্বাগত জানাই। তবে বাংলাদেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে যে বিপুল জনমত দিয়েছে, সেই গণরায়কে সম্মান করতে হবে। নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করতে হবে। গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। তাদের এই ভূমিকার কারণেই ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামি রাজনৈতিক সংগঠনও যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে। এটি ছিল তাদের চরম আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত।”

জুলাই বিপ্লবের সম্ভাবনা নিয়ে তিনি সতর্ক করে বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট হলে তার অপমৃত্যু ঘটবে। তাই ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে বলে তিনি মনে করেন।

সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা দিয়ে আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুল পরিমাণ পিছপা হবেন না তিনি। তিনি হুঁশিয়ার করে বলেন, সরকার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ কারও হাতে দেশের ভাগ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, আবার নতুন সংগ্রাম হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, সংগঠনটি তার আদর্শ ও লক্ষ্য নিয়ে কখনো দ্বিধান্বিত ছিল না। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যে আদর্শিক ভিত্তির ওপর সংগঠনটির যাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় কোরআন-সুন্নাহর নির্দেশনা ও পূর্বসুরি আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারা কাজ করছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এই অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে বলে তিনি মনে করেন।

বন্ধুপ্রতিম ইসলামি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামি অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একটি বৃহত্তর ইসলামি শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।

বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন ব্যক্তিরা থাকতে পারেন, যারা জিয়া ও খালেদা জিয়ার আদর্শবিরোধী। তারা দল ও সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করতে পারেন। তাই বিএনপিকে নিজেদের আদর্শিক অবস্থান পর্যালোচনা করতে হবে।”

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।