পিরোজপুরে টানা দুদিনের বৃষ্টিপাতের ফলে সাপ্তাহিক হাট-বাজারে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না, যার ফলে বাজারে ভিড় অনেক কমে গেছে। তবে বৃষ্টির প্রভাবে মাছের দাম কিছুটা হ্রাস পেলেও মৌসুমি সবজি ও অন্যান্য কাঁচা পণ্যের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে।

গত শুক্রবার (২০ নভেম্বর) জেলার অন্যতম প্রধান দুটি বাজার—জিয়ানগর ও পত্তাশী বাজার পরিদর্শনে এই চিত্র পরিলক্ষিত হয়। সাধারণত প্রতি সপ্তাহের শুক্র ও সোমবার এই দুই বাজারে হাট বসে। শুক্রবার সকালে জিয়ানগর এবং বিকেলে পত্তাশী বাজারে হাটের কার্যক্রম পরিচালিত হয়।

বাজার যাচাই করে দেখা গেছে, মাছের বাজারে প্রতি কেজি ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা, বেজি মাছ ৪০০ টাকা, খটকা মাছ ৪০০ টাকা, রামছুস ৩০০ টাকা, কাক মাছ ১৫০ টাকা, ঠেলা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, নারিকেল মাছ ৩০০ টাকা, তুলার ডাডি ৩৫০ টাকা এবং পাঙাশ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় মাছের দাম স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা হ্রাস পেয়েছে। মাছের প্রজাতিভেদে সাধারণ বাজারের তুলনায় এখানে প্রতি কেজিতে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে। অন্যদিকে, ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৭০ টাকা নির্ধারিত হয়েছে।

মাছ ব্যবসায়ী চান মিয়া বলেন, “বাজারে ইলিশসহ তিন-চার প্রজাতির মাছ এনেছি। কিন্তু বৃষ্টির কারণে ক্রেতা কম। তাই মাছের দামও কিছুটা কমিয়ে বিক্রি করতে হচ্ছে।”

অন্যদিকে, মৌসুমি সবজির বাজারে ক্রেতাদের কোনো স্বস্তি নেই। সেখানে প্রতি কেজি টমেটো ১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ৮০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ৪০ টাকা এবং পটোল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

হাটে সবজির চারা বিক্রেতা বচ্চু মিয়া আক্ষেপ করে বলেন, “আজ সারা দিন বৃষ্টি হওয়ায় মাত্র এক হাজার টাকার মতো বিক্রি হয়েছে। অন্য সময় দুই থেকে তিন হাজার টাকার বিভিন্ন প্রজাতির শাকসবজির চারা বিক্রি হয়।”

ভাসমান মৌসুমি দেশি ফল বিক্রেতা মো. আবুল হোসেন জানান, বৃষ্টির কারণে বাজারে লোকজনের আনাগোনা নেই। তিনি বলেন, “সাধারণত একেকটি বাজারে ১০ থেকে ১২ হাজার টাকার ফল বিক্রি হয়। কিন্তু আজ চার হাজার টাকার ফলও বিক্রি করতে পারিনি।”

গোশত বিক্রেতা কাওসার মোল্লা জানান, আজ তিনি চারটি গরু জবাই করেছেন। তিনি বলেন, “আবহাওয়া ভালো থাকলে সব গোশত বিক্রি হয়ে যেত। কিন্তু বৃষ্টির কারণে কিছু গোশত অবিক্রীত রয়ে গেছে। সেগুলো এখন পত্তাশী বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছি। বর্তমানে বড় গরুর গোশত প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি করছি।”

বাজারের ব্যবসায়ী তসলিমুজ্জামান শিল্পী বলেন, “আবহাওয়া খুব খারাপ। তারপরও কিছু মানুষ বাজারে এসেছেন। অনেক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। আমি নিজেই এক কেজি শিম ৮০ টাকা দিয়ে কিনেছি। তবে মাছের দাম কিছুটা কম পাওয়া যাচ্ছে। মৌসুমি শাকসবজি সাধারণ বাজারে তুলনামূলক কম দামে পাওয়া যায়। এ ছাড়া বৃষ্টির পানিতে বাজারের খানাখন্দে পানি জমে কাদা সৃষ্টি হয়েছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ের ভোগান্তি বাড়ছে।”

উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মজনু হোসেন রনি বলেন, “টানা দুদিনের বৃষ্টিতে বাজারের অবস্থা খুবই খারাপ। বাজারটি দীর্ঘদিন ধরে উন্নয়ন করা প্রয়োজন। বাজারের অবকাঠামো উন্নয়ন করা হলে মানুষের দুর্ভোগ কমবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্রুত বাজার উন্নয়নের কাজ শুরু করার অনুরোধ জানাচ্ছি।”