তৈরি পোশাক ও বস্ত্র খাতের শিল্পায়নে পরিবেশবান্ধব কারখানা স্থাপনের ক্ষেত্রে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) দেওয়া মর্যাদাপূর্ণ পরিবেশবান্ধব স্থাপনার সনদ ‘এলইইডি’ প্রাপ্ত কারখানার সংখ্যা এখন দেশে ৩০০ ছাড়িয়ে গেছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নতুন করে ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও অ্যাকসেসরিজ কারখানা এই বিশেষ সনদ লাভ করায় দেশে এলইইডি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০২টিতে।

ইউএসজিবিসি-র দেওয়া তথ্যানুযায়ী, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি এলইইডি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে। এই ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্রতিষ্ঠান প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি প্রতিষ্ঠান সার্টিফায়েড ক্যাটাগরির সনদ অর্জন করেছে।

সাফল্যের এখানেই শেষ নয়, বিশ্বজুড়ে সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি এলইইডি সনদপ্রাপ্ত কারখানার তালিকায় নজর দিলে দেখা যায়, এর মধ্যে ৫৩টিই বাংলাদেশের কারখানা।

সম্প্রতি নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্রতিষ্ঠান প্লাটিনাম এবং ৩টি প্রতিষ্ঠান গোল্ড ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে। এই তালিকায় সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড।

প্লাটিনাম সনদপ্রাপ্ত অন্যান্য কারখানার মধ্যে রয়েছে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড (৯১ পয়েন্ট), প্রবৃদ্ধি অ্যাপারেলস (৮৮), নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং (৮৬), গাজীপুরের এল ইউসিন ফ্যাশন (৮৫), চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার (৮৪), কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট (৮২), সাভারের ডিইপিজেড পুরাতন এলাকার প্যাক্সার বাংলাদেশ (৮২) এবং গাজীপুরের এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড (৮২)।

অন্যদিকে, গোল্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছে নারায়ণগঞ্জের বর্ণালি কালেকশন্স লিমিটেডের নিটিং ইউনিট (৬৮ পয়েন্ট), চট্টগ্রামের বেস্টেক বিডি (৬৬ পয়েন্ট) এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ (৬৪ পয়েন্ট)।

উল্লেখ্য যে, কারখানা ভবনের পরিবেশগত কার্যকারিতা, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার, নির্মাণসামগ্রীর সঠিক ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের মান যাচাইসহ বিভিন্ন কঠোর মানদণ্ড মূল্যায়নের পর এই এলইইডি সনদ প্রদান করা হয়।