বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার তিনটি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক। পণ্য রপ্তানি বহুমুখীকরণ, পরিবেশবান্ধব কারখানা স্থাপন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের জন্য গঠিত এসব তহবিলে অংশ নিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি খাতের এই ব্যাংক।

চুক্তিতে সই করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. তহিদুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের আরএমজি ফাইন্যান্সিং ইউনিটের প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরী, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের অফিশিয়াল ফোকাল পয়েন্ট মোহাম্মদ হাসিবুল হাকিম খান প্রমুখ।

মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব স্কিমে অংশগ্রহণের মাধ্যমে টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর আধুনিক অর্থনীতি বিকাশে ভূমিকা রাখবে মার্কেন্টাইল ব্যাংক। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি ও দারিদ্র্য হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৭ জুন রপ্তানি বহুমুখীকরণে তিন হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে রপ্তানিকারকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। পরদিন পরিবেশবান্ধব কারখানা ভবন ও পরিবেশবান্ধব শিল্প খাতের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে গ্রাহকেরা ৫ শতাংশ সুদে ঋণ পাবেন। ২৫ জুন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তারা এ তহবিলের ঋণ পাবেন ৪ শতাংশ সুদে।