আজারবাইজানে চাকরির নিশ্চিত আশ্বাস এবং ১০ দিন পর ফ্লাইটের কথা বলে রিক্রুটিং এজেন্সির কথা বিশ্বাস করে চাকরি ছেড়ে দিয়েছিলেন সুমন রেজা। পরিবারের সঙ্গে সুন্দরবনে বেড়াতে গিয়ে তিনি আকস্মিক জানতে পারেন, তাঁকে দেওয়া নিয়োগপত্র ও ভিসাটি সম্পূর্ণ ভুয়া। ততক্ষণে টাকা নিয়ে উধাও হয়ে গেছে রিক্রুটিং এজেন্সিটি।
ঢাকার উত্তরার এস আলম ওভারসিজ নামক প্রতিষ্ঠানের হাতে প্রতারিত হয়েছেন সুমন। ভুক্তভোগীদের অভিযোগ, এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী দেশ আজারবাইজানে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ২০০ জনের মতো মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই প্রতিষ্ঠানটি।
এই প্রতারণার ঘটনায় গত ২৪ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। ওই মামলায় ২০০ জন প্রতারিত ব্যক্তির পাসপোর্ট নম্বর এবং লেনদেনের হিসাব উল্লেখ করা হয়েছে। হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি মোট ৩ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করেছে।
খুলনার বাসিন্দা সুমন রেজা একটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানে জরিপকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। আজারবাইজান যাওয়ার জন্য বিভিন্ন ধাপে তিনি এজেন্সিকে ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। সুমন মুক্তকণ্ঠকে বলেন, “এজেন্সির কথামতো তিনি চাকরিটি ছেড়ে দিয়েছেন। এখন বেকার।”
আরেক ভুক্তভোগী গাজীপুর সদর উপজেলার বাসিন্দা মো. শিমুল, যিনি দেশে বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক কাজ করতেন। এস আলম ওভারসিজ তাঁকে আড়াই লাখ টাকার বিনিময়ে আজারবাইজানে জরিপকারী প্রকৌশলী পদে চাকরির আশ্বাস দিয়েছিল। প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন উল্লেখ করে শিমুল মুক্তকণ্ঠকে বলেন, “তারা ভিসা দেখিয়েছিল। এক পর্যায়ে তাদের বিশ্বাস করেছি। যার খেসারত এখন দিতে হচ্ছে।”
উত্তরার ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ির (মা নিবাস) দ্বিতীয় তলায় এস আলম ওভারসিজের অফিস ছিল। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে পরিচিত শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। ফ্ল্যাটটির মালিক আয়েশা টুসমি মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, “মিথ্যা কথা বলে তারা বাসা ভাড়া নিয়েছিল। পরে প্রতারণা করে চলে গেছে।”
মামলার এজহার অনুযায়ী, এই প্রতারণায় শফিকুল ইসলাম ছাড়াও এজেন্সির ব্যবস্থাপক মেহেদী হাসান, সহকারী ব্যবস্থাপক মোশারফ হোসেন, মার্কেটিং ম্যানেজার মাসুদ রানা এবং রিসিপশনিস্ট মিলি আক্তার জড়িত। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান মুক্তকণ্ঠকে জানান, প্রতিষ্ঠানটির পরিচালক যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতেন তা ভুয়া। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
গত ১৮ নভেম্বর উত্তরার মা নিবাসে গিয়ে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান মুক্তকণ্ঠকে জানান, ৪ থেকে ৫ মাস আগে এস আলম ওভারসিজ ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। পরে জানা যায় যে, এজেন্সিটি মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে। তিনি আরও জানান, পরে ভুক্তভোগীরা এসে অফিসের আসবাবপত্র ও স্থাপনায় ভাঙচুর করে চলে যান।
মুক্তকণ্ঠ এস আলম ওভারসিজের প্রতারণার শিকার হওয়া ২৩ জনের সঙ্গে কথা বলেছে। তাঁদের দাবি, তাঁরা সর্বনিম্ন ৮০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত এজেন্সিকে দিয়েছেন। চার ধাপে টাকা নেওয়ার পর তাঁদের হাতে আজারবাইজানের কোলিন কনস্ট্রাকশন নামক একটি কোম্পানির ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়।
ভুক্তভোগীরা জানান, নিয়োগপত্র ও ভিসা দেওয়ার পর অক্টোবরের শেষ দিকে ফ্লাইট হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। এরপর হঠাৎ গত ২৩ অক্টোবর প্রতিষ্ঠানের রিসিপশনিস্ট মিলি আক্তার সবাইকে ফোন করে জানান, প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে এবং সবার পাসপোর্ট ফেরত দেওয়া হবে। এরপর ভুক্তভোগীরা অফিসে গিয়ে দেখেন অন্য কর্মকর্তারা নেই, শুধু মিলি আক্তার উপস্থিত আছেন। তাঁরা তাঁকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করেন এবং মামলা করেন।
পাবনা জেলার বাসিন্দা খন্দকার শহিদুল্লাহ মুক্তকণ্ঠকে বলেন, এজেন্সিটি বিদেশিদের দিয়ে তাঁদের অনলাইন সাক্ষাৎকারও নিয়েছিল। এত কিছুর ফলে বিশ্বাস না করে উপায় ছিল না।
এস আলম ওভারসিজে যাঁরা পাসপোর্ট জমা দিয়েছিলেন, তাঁদের সবাইকে বনানী সানমুন মেডিকেল সেন্টার লিমিটেডের মাধ্যমে শারীরিক পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানো হয়। এর জন্য ফি বাবদ ৫ হাজার টাকা দিতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, সানমুন মেডিকেল সেন্টারের সঙ্গে এস আলম ওভারসিজের যোগসাজশ ছিল, যার কারণে তাঁদের ওই নির্দিষ্ট হাসপাতালে পরীক্ষা করতে বাধ্য করা হয়।
তবে সানমুন মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. জসিমউদদীন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “তারা আমাদের কাছ থেকে ৭০ থেকে ৮০ জনের মতো মেডিকেল টেস্ট করিয়েছে। জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে আমরা ফি নিয়েছি। পরে শুনেছি তারা প্রতারণা করে পালিয়ে গেছে।” তিনি আরও জানান, “আমরাও তাদের কাছে দেড় লাখ টাকার মতো পাব।”
এই প্রতারণার ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন ভুক্তভোগীরা। কেউ ঋণ করে আবার কেউ গরু-ছাগল বিক্রি করে এজেন্সিকে টাকা দিয়েছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহবুব আলম এনজিও থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “প্রতি মাসে ২০ হাজার টাকা কিস্তি দিতে হচ্ছে। আমি পড়াশোনা করি। কীভাবে এই টাকা পরিশোধ করব, বুঝে আসছে না।”