‘চতুর্থবারের মতো স্ট্রোক করেছি। স্ত্রীর সাহায্য ছাড়া চলতে পারি না। নিয়মিত ওষুধের পেছনে অনেক টাকা ব্যয় হয়। সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা। তবে সেই টাকাও নিয়মিত পাই না। তিন মাস, চার মাস পরপর টাকা পাই। খুব কষ্টে আছি।’

চরম অসহায়ত্বের কথাগুলো বলছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক সিনিয়র টেলিফোন অপারেটর আবদুল মতিন। ২০০৯ সালে তিনি এই পদ থেকে অবসর গ্রহণ করেন। তবে তাঁর কর্মজীবনের শুরুর সময়ে প্রতিষ্ঠানটির নাম ছিল বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)।

পেনশনের টাকার ওপর সম্পূর্ণ নির্ভরশীল আবদুল মতিন জানান, মাসে শুধু ওষুধ বাবদ ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়। কিন্তু পেনশনের টাকা অনিয়মিত হওয়ায় তাঁর জীবন এখন দুর্বিষহ।

প্রতিষ্ঠানটির রূপান্তর এবং পরবর্তী প্রশাসনিক জটিলতার কারণে প্রায় পাঁচ হাজার সাবেক কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে পেনশন পেতে চরম সমস্যায় পড়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, কখনো তিন মাস, আবার কখনো চার মাস পর পর তাঁরা পেনশনের টাকা পান। মাঝেমধ্যে কয়েক মাস টাকা একেবারেই বন্ধ হয়ে যায়, যার ফলে তাঁদের জীবন অনিশ্চয়তা ও গভীর দুশ্চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে।

ঢাকার বাইরে একটি জেলা শহরে অবসর যাপন করছেন বিটিসিএলের অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী খসরু আহমেদ। তিনি মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘মাসে শুধু ওষুধ খরচই লাগে ৪ থেকে ৫ হাজার টাকা। সংসার চালানোর জন্য পুরোপুরি পেনশনের টাকার ওপর নির্ভর করি। সেটাও পাই অনিয়মিত। আমাদের দুরবস্থা দেখার মানুষ নেই।’

একইভাবে টেলিকম টেকনিশিয়ান পদ থেকে অবসরে যাওয়া নূর মোহাম্মদ জানান, সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসের পেনশনের টাকা তিনি এখনো পাননি।

বিটিসিএল সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) বিলুপ্ত হয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) গঠিত হওয়ার পর থেকেই সাবেক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হয়েছে। সূত্র অনুযায়ী, ২০০৮ সালের ১ জুলাই থেকে বিটিটিবির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিটিসিএলে স্থানান্তরিত হন। অন্যদিকে, পরবর্তী সময়ে কিছু কর্মকর্তা-কর্মচারীকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিযোগাযোগ অধিদপ্তরে (ডিওটি) রাজস্ব খাতে আত্তীকরণ করা হয়। এর ফলে একই প্রতিষ্ঠানের প্রাক্তন কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে ভিন্নতা তৈরি হয়েছে এবং জটিলতা বেড়েছে।

মূলত, ২০০৮ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুনের মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন, তাঁদের পেনশন সবচেয়ে বেশি অনিয়মিত। উদাহরণস্বরূপ, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১২ মাসের মধ্যে খসরু আহমেদ মাত্র চার মাস নিয়মিত মাসিক পেনশন পেয়েছেন।

এই সংকটময় পরিস্থিতি নিয়ে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা জোর চেষ্টা করছি। আগামী মাস থেকে হয়তো এই সমস্যা থাকবে না।’

তবে পর্দার আড়ালে ভিন্ন কথা বলছেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানান, পেনশনের টাকা ছাড় করার জন্য বিটিসিএলের পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু পর্ষদ সভা নিয়মিত না হওয়ার কারণে টাকা ছাড় হতে দেরি হচ্ছে। এছাড়া মোট কত টাকা পেনশন প্রয়োজন এবং কার কত মাসের বকেয়া রয়েছে, সেই সুনির্দিষ্ট তথ্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (এজি অফিস) ও সংশ্লিষ্ট বিভাগ থেকে পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন।

বিটিসিএল হলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ১৯৬২ সালে পাকিস্তান টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ হিসেবে এর যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭১ সালে এটি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে পুনর্গঠিত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। পরবর্তীতে ১৯৭৯ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) রাখা হয় এবং ২০০৮ সালের ১ জুলাই একে বিটিসিএলে রূপান্তর করা হয়।

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮-এর ৫(এ) ধারার ক্ষমতাবলে সরকার ও বিটিসিএলের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, সাবেক বিটিটিবি কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন আর্থিক দায়ভার বহনের বাধ্যবাধকতা বিটিসিএলের ওপর ন্যস্ত। ভুক্তভোগী সাবেক কর্মীদের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী যেসব কর্মীর ক্ষেত্রে অবসর আইন প্রযোজ্য, তাঁদের পেনশন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় অর্থ সরকারকে সরবরাহ করার কথা বিটিসিএলের, কিন্তু তা যথাযথভাবে হচ্ছে না।

এই পুরো পরিস্থিতির জন্য বিটিসিএল কর্তৃপক্ষকেই দায়ী করছেন অবসরপ্রাপ্তরা। তাঁদের মতে, প্রতিষ্ঠানটি আন্তরিক হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একজন অবসরপ্রাপ্ত কর্মী মুক্তকণ্ঠকে বলেন, ‘এটা পুরোপুরি বিটিসিএলের গাফিলতি। এত বছর চাকরি করার পর এখন কেন আমাদের এভাবে ভুগতে হবে? বারবার তাদের লিখিতভাবে সবকিছু জানানো হয়েছে অথচ তারা কোনো ব্যবস্থা নেয় না।’