রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত মারধর ও নির্যাতনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে ঘোষণা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর মিডিয়া বিভাগ থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে তেজগাঁও টি অ্যান্ড টি তার ভাণ্ডার এলাকায় কয়েকজন যুবক অনুপ্রবেশ করেন। দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য শাহজামাল ওই ব্যক্তিকে চুরির সময় দেখে তাড়া করেন। পালানোর সময় ওই যুবক পুরোনো টিনের চাল ভেঙে নিচে পড়ে যান। পরে বিটিসিএলের স্টাফ মো. শওকত হোসেন তাকে আটক করেন।

বিটিসিএলের টেলিফোনিক নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা আটকে সহায়তা করেন। ঘটনাস্থলে দায়িত্বরত আনসার সদস্য পিসি নুরুল ইসলাম আটক যুবককে বিটিসিএলের পি.ও. সুলতান মাহমুদ ও ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এরপর আনসার সদস্যরা নিজ দায়িত্বস্থলে ফিরে যান।

বাহিনীটি দাবি করে, আটক যুবককে ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর বা নির্যাতন করা হয়েছে—এমন তথ্যের কোনো ভিত্তি নেই। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচারিত তথ্যও সঠিক নয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ভঙ্গকারীকে হস্তান্তর করাই তাদের কর্তব্য। এই ঘটনায় তারাও ঠিক তা-ই করেছেন। বাহিনীটি স্পষ্ট করে বলেছে, আইনবহির্ভূত কর্মকাণ্ড, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনকে তারা কখনোই প্রশ্রয় দেয় না। যাচাই-বাছাই ছাড়াই সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রচার করলে বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সব পক্ষের বক্তব্য ও তথ্য যথাযথভাবে যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।