দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা রুখতে জুমার খুতবায় জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে ধর্মমন্ত্রী উল্লেখ করেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।”
মসজিদের ইমাম ও খতিবদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সব ধরনের নাশকতা পরিহার করা এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে খুতবায় প্রয়োজনীয় বক্তব্য প্রদান করতে হবে।
পাশাপাশি যেকোনো ধরনের সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, “কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।”
দেশের সামগ্রিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন ধর্মমন্ত্রী।