সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

ঘটনাটির বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন মুক্তকণ্ঠকে জানান, গতকাল দিবাগত রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যবর্তী সময়ে আগুন দেওয়ার ঘটনাটি ঘটেছে। দুর্বৃত্তরা টুকরা কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ বর্তমানে ওই দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও তাঁর পরিবারের সদস্যরা বসবাস করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী যখনই সিলেটে আসেন, তখন তিনি এই বাসাতেই অবস্থান করেন। আজ শুক্রবার বিকেলে তাঁর সিলেটে আসার কথা রয়েছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। পরিদর্শনকালে মহানগর বিএনপির সাবেক এই ভারপ্রাপ্ত সভাপতি বলেন, “এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ কিছু একটা ছুড়ে ফেলে চলে গেছে। এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।”