চীনের শেনঝেনে অনুষ্ঠিত ৩৩তম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে এক বিরল দৃশ্য পরিলক্ষিত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর একজন কর্মকর্তার হাতে দেখা গেছে একটি রহস্যময় কালো ব্রিফকেস। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার সেই আলোচিত ‘পারমাণবিক ব্রিফকেস’, যার মাধ্যমে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত নির্দেশ দেওয়া সম্ভব হয়।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শেনঝেনে এসে পৌঁছান। এই সময়েই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ক্যামেরা পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর ওই কর্মকর্তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। টেলিভিশনের প্রতিবেদক ইয়েভগেনি পপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এটি পারমাণবিক ব্রিফকেস।’ ওই কর্মকর্তা হাসিমুখে বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে, এটি রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্রভান্ডারে সরাসরি প্রবেশাধিকারের সঙ্গে যুক্ত ব্রিফকেস, যার নাম ‘চেগেট’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষেত্রেও এই ধরনের একটি বিশেষ ব্রিফকেস থাকে, যা ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। প্রেসিডেন্টের সঙ্গে সব সময় এটি বহন করা হয়। তবে শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই ফুটবলটি দেখা যায়নি। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এ ধরনের কোনো ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়।

পারমাণবিক ব্রিফকেস আসলে কী?
এটি একটি বিশেষভাবে নির্মিত ব্রিফকেস, যা সরাসরি সামরিক কমান্ড-ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকে। এর মাধ্যমে কোনো দেশের রাষ্ট্রপ্রধান অত্যন্ত দ্রুততার সঙ্গে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই ব্যবস্থার প্রবর্তন করে। সেই সময়ে আশঙ্কা করা হয়েছিল যে, দুই দেশের নেতাদের খুব অল্প সময়ের নোটিশে পারমাণবিক হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ‘বিস্কুট’ নামে পরিচিত একটি কার্ডও থাকে। পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার সময় প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কোড থাকে এই কার্ডে। তবে মনে রাখা প্রয়োজন, ব্রিফকেসের একটি বোতাম চাপলেই পারমাণবিক হামলা শুরু হয়ে যাবে—বিষয়টি তেমন নয়। কোনো নেতার নির্দেশ কার্যকর করতে সামরিক কর্মকর্তা এবং একটি বিস্তৃত যোগাযোগব্যবস্থার প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্রের ‘ফুটবল’ ও রাশিয়ার ‘চেগেট’
যুক্তরাষ্ট্রের ‘নিউক্লিয়ার ফুটবল’ ব্যবস্থার সূচনা হয়েছিল ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটেরও আগে। ইতিহাসবিদদের মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ারের প্রশাসন এই ব্যবস্থার গোড়াপত্তন করে। ১৯৬১ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগের দিন আইজেনহাওয়ার জন এফ কেনেডিকে এই ব্যবস্থা সম্পর্কে ধারণা দিয়েছিলেন, যা একটি অবমুক্ত স্মারকলিপিতে পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের জন্যও বিকল্প ‘ফুটবল’ ও পরিচয় যাচাইয়ের কোডের ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী, দেশটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের। তবে তিনি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরামর্শ নিতে পারেন।

রাশিয়ার ব্রিফকেসটির নাম ‘চেগেট’, যা ককেশাস অঞ্চলের একটি পর্বতের নাম থেকে নেওয়া হয়েছে। ১৯৮৩ সালে সোভিয়েত ইউনিয়নের সামরিক ব্যবস্থায় এটি যুক্ত হয়। ঐতিহ্যগতভাবে নৌবাহিনীর একজন কর্মকর্তা প্রেসিডেন্টের হয়ে এটি বহন করেন। রাশিয়ার প্রথম সোভিয়েত-পরবর্তী প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের ব্যবহৃত ব্রিফকেসটি ২০১৫ সালে ইয়েকাতেরিনবুর্গের ইয়েলৎসিন সেন্টারে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।

বর্তমানে চেগেট রুশ প্রেসিডেন্টকে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সঙ্গে যুক্ত করে, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ পাঠানো যায়। তবে এটি নিজে থেকে অস্ত্র উৎক্ষেপণ করতে পারে না। রাশিয়ার এমন তিনটি ব্রিফকেস রয়েছে বলে ধারণা করা হয়, যা প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের জন্য বরাদ্দ। রাশিয়ার প্রকাশিত পারমাণবিক নীতি অনুযায়ী, অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। চেগেট মূলত রাশিয়ার ‘কাজবেক’ নামের কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে, যার সঙ্গে ‘কাভকাজ’ নামের পৃথক যোগাযোগব্যবস্থার সংযোগ রয়েছে। তবে নির্দেশ কার্যকর করতে ঠিক কতটি ব্রিফকেসের অনুমোদন প্রয়োজন, তা নিয়ে তথ্যের মধ্যে মতভেদ রয়েছে।

নেতাদের সঙ্গে কেন থাকে এই ব্রিফকেস?
কোনো প্রেসিডেন্ট যখন উড়োজাহাজে, সম্মেলনে কিংবা হোটেলে অবস্থান করেন, তখনও পারমাণবিক হামলা শুরু হতে পারে। এ কারণে নেতারা যেখানেই থাকুন না কেন, তাঁদের কাছে ব্রিফকেস থাকলে যেকোনো সময় হামলা বা পাল্টাহামলার নির্দেশ দেওয়ার সুযোগ থাকে। এর সঙ্গে জড়িয়ে আছে পারমাণবিক প্রতিরোধের ধারণা; অর্থাৎ কোনো প্রতিপক্ষ যদি মনে করে, হামলা চালালেও পাল্টা-আঘাতের মুখে পড়তে হবে, তবে সে হামলা থেকে বিরত থাকতে পারে। ১৯৬৬ সালে প্রকাশিত ‘আর্মস অ্যান্ড ইনফ্লুয়েন্স’ বইয়ে অর্থনীতিবিদ ও কৌশলবিদ টমাস শেলিং লিখেছিলেন, ‘আঘাত করার ক্ষমতাই দর-কষাকষির ক্ষমতা।’

২০২৩ সালে বেইজিং সফরের সময়ও পুতিনের সঙ্গে ব্রিফকেস বহনকারী নৌবাহিনীর কর্মকর্তাদের দেখা গিয়েছিল। এবারের এপেক সম্মেলনে চেগেটের উপস্থিতি রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডারের কথা আবারও সামনে এনেছে।

যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন আল-জাজিরাকে বলেন, ক্রেমলিন-সমর্থিত টেলিভিশন চ্যানেলগুলো এ দৃশ্য দেখিয়েছে, বিষয়টি তাৎপর্যপূর্ণ। তাঁর ভাষায়, ‘এটি পুরোপুরি রাজনৈতিক নাটক এবং প্রতীকী প্রদর্শন।’ তাঁর মতে, ‘বিশ্বে রাশিয়ার আগের অবস্থান আর নেই—এ বিষয়ে সচেতন পুতিনের দেশের শক্তি দেখানোর চেষ্টা এটি।’ মাবন আরও বলেন, যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা আগের মতো নেই। বড় শক্তিগুলোর সঙ্গে একই কাতারে থাকার বিষয়টি প্রতীকীভাবে তুলে ধরতেই এ আয়োজন।

অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর ব্যবস্থা
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাবে, বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা ৯। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য জানা যায়। অন্য দেশগুলোতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি কে দিতে পারেন, সে বিষয়ে কিছু তথ্য প্রকাশিত হলেও নেতাদের সঙ্গে কী ধরনের সরঞ্জাম থাকে, তা সাধারণত জানা যায় না।

যুক্তরাজ্যে একমাত্র প্রধানমন্ত্রীই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারেন। দেশটির পার্লামেন্টের হাউস অব কমন্স লাইব্রেরির তথ্য অনুযায়ী, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর হাতে লেখা চারটি ‘লেটার অব লাস্ট রিসোর্ট’ তৈরি করেন। পারমাণবিক হামলায় সরকার ধ্বংস হয়ে গেলে কী করতে হবে, সে নির্দেশনা থাকে এসব চিঠিতে। প্রতিটি পারমাণবিক অস্ত্রধারী সাবমেরিনের কমান্ডারের জন্য একটি করে চিঠি লেখা হয়।

ফ্রান্সে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের। দেশটির সংবাদপত্র লা মঁদ জানিয়েছে, ২০১২ সালে দায়িত্ব ছাড়ার সময় প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তাঁর উত্তরসূরি ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোড হস্তান্তর করেছিলেন।

চীনের ‘নো ফার্স্ট ইউজ’ নীতি রয়েছে; অর্থাৎ অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালালেই কেবল পাল্টাজবাব হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলে বেইজিং। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নির্দিষ্ট কোনো পারমাণবিক ব্রিফকেস থাকে কি না, তা স্পষ্ট নয়।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারে শুধু প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিউক্লিয়ার কমান্ড অথরিটির পলিটিক্যাল কাউন্সিল। তবে এ জন্য কোনো বিশেষ সরঞ্জাম বহন করা হয় কি না, তা জানা যায়নি। পাকিস্তান ও উত্তর কোরিয়ারও পারমাণবিক অস্ত্র রয়েছে। ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। তবে এসব দেশের নেতারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো ব্রিফকেস বহন করেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য প্রকাশিত তথ্য নেই।