ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন ইউনিটে কর্মরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে সরকার। বদলি করা এই কর্মকর্তাদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি পেয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে যোগ না করেন, তবে ২৫ নভেম্বর থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিককে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি-ডিআইজি) উপমহাপরিদর্শক মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় এবং টিডিএস ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি রংপুরের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি রংপুরের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগ ঢাকার পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ৬ এপিবিএন-এ পদায়ন করা হয়েছে। পাশাপাশি সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপকমিশনার করা হয়েছে।
সিএমপির উপকমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এবং সিআইডির পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত (টিআর) পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে পদায়ন করা হয়েছে। এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”