সারা দেশের প্রায় ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থের সংকটে যেন কোনো শিক্ষার্থীরই শিক্ষা জীবন বাধাগ্রস্ত না হয় এবং তারা যেন নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই সরকারের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান শেষে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এই ঘোষণা প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, “ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে। এর উদ্দেশ্য হলো, অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয় এবং তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। কারণ, শিক্ষিত হয়ে একজন মানুষ যেমন নিজের ও পরিবারের উপকার করেন, তেমনি সামগ্রিকভাবে দেশের মানুষেরও উপকার হয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কাছে প্রতি বছরের শুরুতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। একই সাথে বইয়ের পাশাপাশি তাদের জন্য নতুন স্কুল ড্রেস বা পোশাক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানরাই সরকারের পক্ষ থেকে এই নতুন পোশাকের সুবিধা পাবে।
সরকারপ্রধান জানান, শুধু স্কুল ড্রেস নয়, ছেলে ও মেয়ে মিলিয়ে দেশের মোট ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে এবং স্কুল শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের অনুরোধে তাদের সাথে সেলফিও তোলেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা।” তরুণ প্রজন্ম, গবেষক এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার এবং এই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।
এছাড়া দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান ‘স্পারসো’তে কাজ চলমান রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা করছে সরকার।”