‘রাজু যাই, দোয়া করিস।’ বাড়ি থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে থাকা চাচাতো ভাই সাব্বির হোসেনকে (রাজু) এই কথাটি বলেছিলেন ২৫ বছর বয়সী সিয়াম হাওলাদার। জবাবে সাব্বির বলেছিলেন, ‘ভালোভাবে যাস, সাবধানে থাকিস।’ গত শনিবারের সেই আলাপচারিতা ছিল তাঁদের শেষ কথা। সিয়াম যে আর ফিরে আসবেন না, তা কেউ কল্পনাও করতে পারেননি।
গতকাল বুধবার ভোর চারটার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করা বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাহক পরিবহনের বাসটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায় হামলাকারীরা। আগের রাতে ট্রিপ শেষ করে বাসটি সেখানে রাখা হয়েছিল। সেই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী সিয়াম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তিনি বের হতে পারেননি এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা সিয়ামের এই আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ও প্রতিবেশীরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শুধু একটি পরিবারের স্বপ্নই শেষ হয়নি, বরং অনিশ্চয়তার মুখে পড়েছে তাঁর ছোট ভাইয়ের ভবিষ্যৎও।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, সিয়াম বরিশাল-কুয়াকাটা, বরিশাল-বরগুনা এবং বরিশাল-মঠবাড়িয়া রুটের বাসে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনটি রুটে পালাক্রমে মাসে ১০ দিন করে দায়িত্ব পালন করতেন তিনি। চলতি সপ্তাহে তাঁর দায়িত্ব ছিল বরিশাল-মঠবাড়িয়া রুটে। ময়নাতদন্ত শেষে বুধবার রাতেই পারিবারিক কবরস্থানে সিয়ামের দাফন সম্পন্ন করা হয়।
সিয়ামের বাবা কবির হোসেন পণ্যবাহী জাহাজের লস্কর হিসেবে কর্মরত। বর্তমানে তিনি জাহাজ নিয়ে ভারতে অবস্থান করছেন। ছেলের মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন, তবে শেষবারের মতো সন্তানের মুখ দেখতে পারেননি তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামে সিয়ামের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো পরিবার গভীর শোকে স্তব্ধ। স্বজনদের আর্তনাদ আর প্রতিবেশীদের সান্ত্বনায় ভারী হয়ে আছে বাড়ির পরিবেশ।
সিয়াম ও তাঁর ছোট ভাই সিফাতের (১৩) মা শামসুন্নাহার ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তাঁদের বাবা দ্বিতীয় বিয়ে করেন। মায়ের মৃত্যুর পর থেকেই সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেন সিয়াম। অভাবের সংসারে পাশে দাঁড়াতে বাসে শ্রমিকের কাজ শুরু করেন তিনি। নিজের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি পরিবারের যাবতীয় প্রয়োজন মেটাতেন তিনি।
সিয়ামের সৎমা শিল্পী আক্তার অশ্রুসিক্ত চোখে বলেন, ‘পোলাডা ছিল আমাগো পরিবারের একমাত্র কামাইদার (উপার্জনকারী)। এহন আমাগো কী অইবে, আমাগো কেডা দ্যাখবে?’ কিছুক্ষণ থেমে তিনি আরও বলেন, ‘আমার বাবা (ছেলে) ওই বাসে রাইতে ঘুমায়, এইডা সবাই জানে। অরা জাইন্যাই আমার বাবারে মারনের লাইগ্যা বাসে বোমা মারছে। এইডা হত্যা। আমরা এই হত্যার বিচার চাই।’
স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত ছোট ভাই সিফাত বড় ভাইকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। সে বলে, ‘ভাই আমারে পড়ালেখা করাইত, খাওন কিন্যা দিত। এহন কেডা দেবে?’
এই নৃশংস ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সিয়ামের চাচা সোহেল হাওলাদার বলেন, ‘ছেলেটা এভাবে অকালে চলে যাবে, ভাবতেও পারছি না। আমরা সুষ্ঠু বিচার চাই।’
বাসে অগ্নিসংযোগের এই ঘটনায় ভান্ডারিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং অন্যটি সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান আজ দুপুরে মুক্তকণ্ঠকে জানান, নিহত সিয়ামের মামা মো. ইউসুফ বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন। অন্য মামলাটি করেছে পুলিশ। বুধবার রাতে দায়ের করা এই দুই মামলাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।