পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে রহস্যজনকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের এক সহকারী (হেলপার) দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আজ বুধবার ভোর চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাণ হারানো ব্যক্তির নাম সিয়াম (২৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে বলে জানা গেছে।

ভান্ডারিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আজ ভোরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর বাহক পরিবহনের বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “সিয়ামের পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। বাসমালিকদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”