ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলের নেতাকর্মীদের মৃত্যু বা লাশ প্রত্যাশা করছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা ৫৭ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, “উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায় আছেন। পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।”
সাবেক এই প্রতিমন্ত্রীর দাবি, শেখ হাসিনা মনে করেন যে আন্দোলনের জন্য লাশের প্রয়োজন হয় এবং তিনি সেই কৌশলটিই এখন নিজের দলের ক্ষেত্রে প্রয়োগ করতে চাইছেন। এই বিষয়ে তিনি আরও লিখেছেন, “উনি সম্প্রতি বলেছেন যে, ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন ‘সাইকোপ্যাথের (psychopath) চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।”