দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাসকে সামনে রেখে দীর্ঘ ৪০ দিনব্যাপী বিশেষ কর্মসূচির কথা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিভিন্ন সমাবেশ, মিছিল, আলোচনা সভা এবং সামাজিক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো উপলক্ষেও তাদের বিশেষ কর্মসূচি রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন।
জামায়াতের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করা হবে। পরবর্তীতে ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকা ব্যতীত দেশের আরও ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় একটি মানববন্ধনের কর্মসূচি রাখা হয়েছে।
কর্মসূচির তালিকায় আরও রয়েছে ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিলের আয়োজন।
ডিসেম্বর মাসের কর্মসূচির কথা উল্লেখ করে জানানো হয়, ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করা হবে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা এবং ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করা হবে। এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ করবে জামায়াতে ইসলামী। তাদের কর্মসূচির মধ্যে আরও রয়েছে ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া। একই বিষয়ে ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৬ থেকে ৩১ ডিসেম্বর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।