‘মায়ারে’ এবং ‘দুটি মন’ নাটকের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। সম্প্রতি এক আলাপচারিতায় নিজের অভিনয় জীবন, নতুন কাজ এবং ব্যক্তিগত দর্শন নিয়ে কথা বলেছেন তিনি। বুধবার মকফুল হোসেনের সঙ্গে কথা বলার সময় তিনি তাঁর বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
নতুন নাটকের শুটিং নিয়ে প্রশ্ন করা হলে সুনেরাহ্ বিনতে কামাল জানান, “ঠিক বলেছেন। কক্সবাজারে সাগর জাহান ভাইয়ার একটি নাটকের শুটিং করেছি। গল্পটি একদমই অন্য রকম। আমার জীবনের সঙ্গে চরিত্রটির অনেক মিল আছে। ওনার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমার সহশিল্পী (ফারহান আহমেদ) জোভান, জোভানের সঙ্গেও এটি প্রথম কাজ।”
জোভানের সঙ্গে আগে কাজ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “সত্যি বলতে, আমি জানি না। মনে হয়, জোভানকে জিজ্ঞেস করলেও একই উত্তর দেবে। আগে থেকে পরিচয় ছিল, কিন্তু কাজ হয়ে ওঠেনি। যখন মিলেছে, তখন করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে। আমি যে ধরনের চরিত্র করেছি, তাতে সহশিল্পীর অভিনয় খুব গুরুত্বপূর্ণ। আমাদের দৃশ্যগুলোতে অভিনয়ের আদান-প্রদানটা জরুরি ছিল। সে জায়গায় জোভান খুবই ডেডিকেটেড (নিবেদিত) এবং ভালো অভিনয়শিল্পী।”
অভিনয় পেশায় তাঁর বর্তমান দৃষ্টিভঙ্গি সম্পর্কে সুনেরাহ্ বলেন, “সত্যি বলতে, প্রথমে একটু পরীক্ষামূলকভাবে শুরু করেছিলাম। দেখতে চেয়েছিলাম, জায়গাটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি কি না। কিন্তু এখন যেটা হয়েছে, প্রতিনিয়ত অভিনয়ের মধ্যে থাকতে ভালো লাগে। কাজ করে যেতে ভালো লাগে। দুই দিন শুটিং না থাকলে দেখা যায়, এক দিন বিশ্রাম নিলাম, পরের দিনই মনে হয়, কেন বসে আছি, একটু কাজ করি। আমি অনেক কাজ করতে ভালোবাসি। অভিনয় করতে ভালো লাগে, কাজটা উপভোগ করি।”
শুটিং সেটে তাঁর প্রাণবন্ত উপস্থিতি ও উদ্যম সম্পর্কে সহশিল্পীদের মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানান, “আমার মনে হয়, সবই ভালোবাসার শক্তি। আপনি যদি এমন কিছু করেন, যেটা সত্যিই ভালোবাসেন, তাহলে সেই শক্তিটা কাজ করে। বাকিটা হলো, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা। ঠিকমতো খাওয়াদাওয়া, হালকা ব্যায়াম বা ইয়োগা—এগুলো জরুরি।”
সুস্থ জীবনযাপন ও অভিনয়ের সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, “আমরা অভিনয়শিল্পী। অনেকে জীবনে আনন্দ করার জন্য অনেক কিছু করতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত মত হলো, ইয়োগা করলে আমাদের ইন্দ্রিয়গুলো সচল থাকে। দেখা গেল, এক দিন পার্টি করলাম, পরদিন শরীর বা মন ঠিকমতো কাজ করছে না। সে ক্ষেত্রে অভিনয়ও বাধাগ্রস্ত হতে পারে। আমি বিষয়টি খুব খেয়াল রাখি, যেন মানসিকভাবে সচেতন ও সুস্থ থাকতে পারি। যেন পূর্ণ মনোযোগ দিয়ে অভিনয় করতে পারি। কোনো একটি কাজ করার পর যেন মনে না হয়, আহা, এটা তো আরও ভালোভাবে করতে পারতাম। সেই আফসোসটা করতে চাই না। জীবন খুব ছোট। কাজ করার সুযোগও খুব বেশি পাইনি। তাই যেগুলো করব, সুন্দরভাবে করতে চাই।”
আরশ খানের সঙ্গে তাঁর কাজের আধিক্য নিয়ে কথা উঠলে সুনেরাহ্ বিনতে কামাল স্পষ্ট করে বলেন, “আমি এখন সবার সঙ্গেই কাজ করছি। আগের কাজগুলো এখন মুক্তি পাচ্ছে। হয়তো পরপর কয়েকটি কাজ মুক্তি পাচ্ছে বলে এমনটা মনে হচ্ছে। কিন্তু আমি সবার সঙ্গেই মিলেমিশে কাজ করছি।”
তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি সম্পর্কে তিনি বলেন, “‘এটা আমাদেরই গল্প’ আমাকে অনেক বেশি দর্শকের কাছে নিয়ে গেছে। সত্যি কথা, এটা আমি কখনো অস্বীকার করতে পারব না। সায়রা চরিত্রের কারণে অনেক দর্শক আমাকে চিনেছেন। আমি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে ভেনিস ঘুরে এসেছি। সেখানেও প্রবাসীরা আমাকে ‘সায়রা’ বলে ডাকছিলেন। আমার মনে হয়, এটি অনেক বড় একটি ব্যাপার। এই চরিত্রের মাধ্যমে অনেক দর্শক আমাকে চিনেছেন, আমার দর্শকও বেড়েছে। এটি আমার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছে। সবাই আমার অভিনয়ের অনেক প্রশংসা করেছেন। আমি তো অভিনয় করে যাচ্ছিলাম, কিন্তু হয়তো আমার অভিনয় সবাই দেখার সুযোগ পাচ্ছিলেন না। ‘এটা আমাদেরই গল্পের’ মাধ্যমে অনেক মানুষ আমার অভিনয় দেখেছেন, প্রশংসা করেছেন।”
সিনেমা নিয়ে তাঁর বর্তমান পরিকল্পনা ও একটি কাজ হাতছাড়া হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “মাঝখানে খুব ভালো একটি গল্প পেয়েছিলাম। কাজটিও করতে চেয়েছিলাম। কিন্তু ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ যখন উৎসবে গিয়েছিল, সেই সময়টাতেই সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। একবার কোথাও কমিটমেন্ট দিলে সেখান থেকে সরে আসি না। এটা আমার ব্যক্তিগত ও পেশাগত—দুই জীবনের ক্ষেত্রেই সত্যি। কমিটমেন্ট ছোট হোক বা বড়, সেটা রাখার চেষ্টা করি। এ কারণে সিনেমাটি করতে পারিনি। বিষয়টি দুঃখজনক।”
ভবিষ্যতে নতুন সিনেমার সম্ভাবনা নিয়ে তিনি জানান, “এরপর আরও কিছু গল্প পেয়েছি। তবে সিনেমা করতে হলে অনেক কিছু মেলাতে হয়। গল্পের পাশাপাশি বাজেট, তারিখ, টিম—সবকিছু ঠিক থাকতে হয়। সব মিলিয়ে এখনো সেভাবে প্রস্তুত হতে পারিনি। তবে আরও কিছু চিত্রনাট্য আছে। আবার বসব, আলোচনা করব। দেখি, ভালো কিছু পাই কি না। আমার মনে হয়, আপনারা আমার কাছে অনেক বেশি প্রত্যাশা করেন। আমি কাউকে নিরাশ করতে চাই না। তাই যখনই কাজ করব, ভালো কিছুই করব।”