যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছেন। ইউনূস প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত দুর্নীতির অভিযোগের মুখে গত বছর তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।

সম্প্রতি গুটো হ্যারি এবং ডেভিড ডেভিসের সঞ্চালনায় ‘পলিটিকস আনলিশড’ নামক একটি পডকাস্টে কথা বলার সময় টিউলিপ এই বিষয়টি উল্লেখ করেন। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে অধ্যাপক ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের বর্তমান সংসদ সদস্য। রাজধানী ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে তাঁর খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তাঁর অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় টিউলিপ ছাড়াও আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন।

সংশ্লিষ্ট পডকাস্টে টিউলিপ দাবি করেন যে, তিনি মূলত প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি আমার রয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্পগুলো খতিয়ে দেখছি এবং পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে বর্ণনা করেছিলেন। সেই সময়ে তিনি দাবি করেছিলেন যে, তাঁর খালা শেখ হাসিনা এবং মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের বিরোধের ‘বলি’ হয়েছেন তিনি।

সাক্ষাৎকারে টিউলিপ আরও অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা জানতে তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে বারবার চিঠি পাঠালেও কোনো উত্তর পাননি। এমনকি মুহাম্মদ ইউনূস যখন লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থান করছিলেন, তখন টিউলিপ তাঁর কাছে একটি হাতে লেখা চিঠি পাঠিয়ে সরাসরি সাক্ষাতের চেষ্টা করেছিলেন বলেও জানান।

টিউলিপের দাবি, ‘তিনি (ইউনূস) আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি বারবার তাঁর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম।’