ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাঁদের বসবাস করতে সমস্যা হচ্ছে, তাঁদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁর এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য সামনে এসেছে।
হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষের এই বক্তব্য কেবল রাজ্য রাজনীতিতেই নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন ও বিতর্কের সৃষ্টি করেছে। বিজেপির এই জ্যেষ্ঠ মন্ত্রী পশ্চিমবঙ্গকে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের আদলে রূপান্তরিত করার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের অন্তত পাঁচটি এনকাউন্টারে (বন্দুকযুদ্ধে) অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যু হয়েছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’
তার এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, পশ্চিমবঙ্গে তিনি উত্তর প্রদেশ বা গুজরাটের মতো পরিস্থিতি তৈরি করতে চান।
দিলীপ ঘোষ আরও অভিযোগ করেন যে, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চালানো হয়েছিল। তবে বিজেপি সরকার সেই সম্ভাবনা পুরোপুরি নির্মূল করতে বদ্ধপরিকর এবং তারা পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
নিজের বক্তব্যের সমর্থনে হিন্দুত্ববাদী নেতা দিলীপ ঘোষ আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।’
কেবল এনকাউন্টার নয়, অপরাধ দমনের প্রয়োজনে বুলডোজার ব্যবহারের হুমকিও দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, যাঁদের কঠোর পদক্ষেপ নেওয়ার সাহস নেই, তাঁরাই অপরাধীদের সঙ্গে আপস করেন; কিন্তু বর্তমান সরকার তেমনটা করবে না।
বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি হুমকি দিয়ে বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতোই পরিণতি হবে।
দিলীপ ঘোষ আরও বলেন, গত ৫০ বছর ধরে গ্রামীণ বাংলায় অপরাধীরা যেভাবে দাপিয়ে বেড়িয়েছে, তা আর বরদাশত করা হবে না। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না।
অন্যদিকে, পঞ্চায়েত মন্ত্রীর এই চরমপন্থী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। বিরোধীদের দাবি, বিচারবহির্ভূতভাবে এভাবে বলপ্রয়োগ করা হলে দেশের বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা চরমভাবে হ্রাস পাবে।
তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এই বিষয়ে সতর্ক করে বলেন, কোনো এনকাউন্টার একটি বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি সমাজের সাধারণ নিয়মে পরিণত করার চেষ্টা করা হয়, তবে তা অত্যন্ত বিপজ্জনক। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয়ের বিতর্ককে পুনরায় উসকে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হয়েছিল। সে সময় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলা বিরোধী’ ও ‘বহিরাগত’ হিসেবে প্রচার করেছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই আঞ্চলিক আবেগ কাজে লাগিয়ে তৃণমূল বিজেপির আসনসংখ্যা ১৮ থেকে কমিয়ে ১২-তে নামিয়ে এনেছিল।
তবে বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে প্রায় ২৭ লাখ ভোটারকে বাদ দেওয়া হয়, যাঁদের বেশির ভাগই ছিলেন মুসলিম। এরপরই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে বিজেপি প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।
নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে যখন নানা মহলে আলোচনা চলছে, ঠিক সেই সময়েই উত্তর প্রদেশ ও গুজরাটের মডেল অনুসরণের কথা বলে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন দিলীপ ঘোষ।