ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও একজন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যটিতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের এনকাউন্টারের ঘটনা এটি চতুর্থ। সর্বশেষ গত সোমবার ভোরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দিলীপ রায় (৪৮), যিনি এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার মামলার আসামি ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দিলীপ রায় পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত রায়গঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তাঁর শরীরে তিনটি গুলির আঘাত ছিল।

পেশায় রাজমিস্ত্রি ও দিনমজুর দিলীপ রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল। গত ৩ নভেম্বর দুপুরে ১২ বছর বয়সী এক শিশু বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরবর্তীতে ৫ নভেম্বর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নদীর তীরের একটি জঙ্গলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি বিবস্ত্র ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল।

তদন্ত চলাকালীন সিসিটিভি ফুটেজে দিলীপ রায়কে সাইকেলে করে ওই শিশুকে নিয়ে যেতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে। এই প্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সোমবার ভোরে তাঁরা খবর পান যে দিলীপ কুলিক নদীর পাড়ের একটি নির্দিষ্ট এলাকায় লুকিয়ে আছেন। পুলিশ সেখানে পৌঁছালে তিনি বিহার সীমান্তের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁর বন্দুকযুদ্ধ হয় এবং তিনি গুলিবিদ্ধ হন।

তবে দিলীপের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। দিলীপের মা জানান, দিলীপ তাঁদের ওপরও অত্যাচার চালাতেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা ওর দেহ নেব না।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এর আগে আরও তিনটি এনকাউন্টারের ঘটনা সামনে এসেছে। প্রথম ঘটনাটি ঘটেছিল গত জুলাই মাসে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। সেখানে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশের দাবি ছিল, ঘটনার পুনর্নির্মাণের সময় প্রভাস এক পুলিশ সদস্যের রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালায়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। সেখানে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৩ বছর বয়সী প্রহ্লাদ দাস পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

তৃতীয় ঘটনাটি গত ২৬ অক্টোবর মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘটে। বিজেপির এক নেতা হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া ৪৬ বছর বয়সী সামিউল শেখ পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়।