আজ ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। চলতি বছরে দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমান ভবিষ্যৎ।’
ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বর্তমানে প্রায় ৪০ লাখ মানুষ বসবাস করেন। তবে এই বিশাল জনসংখ্যার বিপরীতে এই নগরে গণশৌচাগার বা পাবলিক টয়লেটের সংখ্যা কত, তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রশ্নের জবাবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সুদীপ বসাক কিছুটা হেসে জানান, ‘এ সংখ্যা লজ্জাজনক। প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম।’ তিনি একটি তালিকা পাঠিয়ে জানান যে, সেখানে গণশৌচাগারের সংখ্যা মাত্র ছয়টি। তবে এই কর্মকর্তারই সরল স্বীকারোক্তি ছিল যে, ‘এ ছয়টির মধ্যেও সব কটি ভালো অবস্থায় নেই।’
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়। এক দশকেরও বেশি সময় অতিবাহিত হলেও এই সিটিতে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি মানুষের জন্য মাত্র একটি গণশৌচাগার রয়েছে। এই করুণ পরিস্থিতি কেবল গাজীপুর সিটিরই নয়, বরং সংখ্যায় কমবেশি হলেও দেশের প্রায় প্রতিটি সিটি করপোরেশনেই প্রয়োজনের তুলনায় গণশৌচাগারের সংখ্যা অত্যন্ত নগণ্য।
সাধারণত কোনো নগরে জনসংখ্যার অনুপাতে কতগুলো গণশৌচাগার থাকা উচিত, তার একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। নিয়ম অনুযায়ী, ৫০০ মিটার এলাকায় এক ঘণ্টায় যদি দেড় হাজার পথচারী চলাফেরা করেন, তবে সেখানে অন্তত এক ইউনিটের একটি শৌচাগার থাকা প্রয়োজন।
নতুন নতুন সিটি করপোরেশন গঠিত হলেও টয়লেটের মতো মৌলিক সুবিধাগুলো চরমভাবে উপেক্ষিত। উদাহরণস্বরূপ, দুই বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়েছে, যেখানে গণশৌচাগারের সংখ্যা মাত্র ১৩টি। ফলে এই নগরে প্রতি দেড় লাখের বেশি মানুষের জন্য মাত্র একটি করে গণশৌচাগার রয়েছে।
ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান মুক্তকণ্ঠকে বলেন, ‘নগরে শৌচাগারের সুবিধা পাওয়া নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এটাকে আমরা বিলাসিতা মনে করি। নগরে এখন সিন্ধুর মধ্যে বিন্দুর মতো যেসব গণশৌচাগার আছে, সেগুলোতে আবার অর্থ দিয়ে ব্যবহার করতে হয়। এটা অন্যায্য। গণশৌচাগার কখনো সিটির আয়ের উৎস হতে পারে না।’
গাজীপুর সিটি করপোরেশনের নগর-পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম স্বীকার করেন, ‘মানুষের তুলনায় খুবই কম টয়লেট এখানে, সন্দেহ নেই। টয়লেট নির্মাণে জায়গার সমস্যাসহ নানা সমস্যা আছে।’ তিনি জানান যে, নগরে আরও গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে কতটি শৌচাগার হবে বা কবে হবে, সে বিষয়ে বাজেটে কোনো বরাদ্দ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, বাজেটে এভাবে উল্লেখ নেই। কতটা করা হবে, এরও কোনো সঠিক অ্যাসেসমেন্ট নেই।’
অন্যদিকে, চলতি বছরে বগুড়াকে সর্বশেষ সিটি করপোরেশন করা হয়েছে। এর আগে ২০১৮ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়, যেখানে ১২ লাখ মানুষের বাস। সেখানকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহুরুল হক অনুমান করে বলেন, ‘১৫টির মতো গণশৌচাগার হতে পারে। এটা খুব কম। কিন্তু আমরা এটা করার জায়গা পাই না। এখন প্রকল্পের মাধ্যমে শৌচাগারের সংখ্যা বাড়ানোর চেষ্টা হচ্ছে।’
নগরে শৌচাগারের এই চরম সংকটের মধ্যেই গত সেপ্টেম্বর মাসে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা’ তৈরি করা হয়েছে। এই নীতিমালায় ছয় শ্রেণির টয়লেটের কথা বলা হয়েছে। বিশেষ করে জনবহুল স্থানে ২৪ ঘণ্টা সেবা, নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা, নিরাপদ পানি এবং পরিচ্ছন্নতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আইপিডির হিসাব অনুযায়ী, ঢাকায় প্রতিদিন প্রায় দেড় কোটি পথচারীর যাতায়াতের বিপরীতে স্থায়ী পাবলিক টয়লেট রয়েছে মাত্র ১৩১টি এবং ভ্রাম্যমাণ টয়লেট ১৭টি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেখানে ১ হাজার ৫০০টি টয়লেট প্রয়োজন। অর্থাৎ বর্তমান ব্যবস্থা চাহিদার তুলনায় অনেক পিছিয়ে। একইভাবে চট্টগ্রামে প্রায় ৭০ লাখ মানুষের জন্য চালু পাবলিক টয়লেট মাত্র ২৮টি, যেখানে প্রয়োজন ৩৮০টি। বরিশালে ১০টি টয়লেটের মধ্যে সচল রয়েছে মাত্র ২টি। রাজশাহীতে সাড়ে পাঁচ লাখ মানুষের জন্য ১৪টি টয়লেট থাকলেও প্রয়োজন ৬০টি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী এই নীতিমালা প্রণয়নকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি মুক্তকণ্ঠকে বলেন, শুধু টয়লেট নির্মাণ নয়; বরং এর নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সাশ্রয়ী ব্যবহার ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। তাই এই নীতিমালাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর জবাবদিহি।
উল্লেখ্য যে, এই নীতিমালায় সারা দেশে কোথায় কতটি টয়লেট প্রয়োজন, বর্তমানে কতটি আছে এবং কতটি সচল—তার কোনো হালনাগাদ জাতীয় হিসাব নেই। আদিল মুহাম্মদ খান বলেন, প্রয়োজন, চাহিদা ও পরিকল্পনাহীনতার একটি ছাপ রয়েছে এ নীতিমালায়। সাধারণ মানুষের জন্য গণশৌচাগারের ব্যবহার কেমন হবে, তা সুনির্দিষ্ট নয়।