আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের জন্য প্রাথমিকভাবে আরও ২০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় পাবনার সুজানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের জন্য দলের মনোনয়ন পেয়েছেন লেখক, সাংবাদিক, কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ মুহাম্মাদ আসাদুল্লাহ।
গত মঙ্গলবার (১৮ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, যেখানে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুহাম্মাদ আসাদুল্লাহ পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সন্তান। বর্তমানে তিনি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যুবশক্তির প্রেস উইংয়ের দায়িত্বও তার ওপর ন্যস্ত।
শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন আসাদুল্লাহ। পেশাগত জীবনে তিনি চ্যানেল আই, দেশ রূপান্তর, বণিক বার্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক আমার দেশসহ দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
শৈশব থেকেই লেখালেখির প্রতি তার গভীর অনুরাগ। ইতিমধ্যে তার তিনটি উপন্যাস এবং চারটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। আগামী ২০২৭ সালের বইমেলায় তার লেখা রাজনৈতিক উপন্যাস ‘কাঞ্চনবতী’ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন টেলিভিশন টক শো এবং লেখালেখির মাধ্যমে তিনি জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও কার্যক্রমের পক্ষে কথা বলে আসছেন।
দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, “দল আমাকে মনোনীত করায় কৃতজ্ঞ। সুজানগরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আমার উপজেলার মানুষ গতানুগতিক রাজনীতির ধারায় আটকে আছে। গত ৫৫ বছরে তিন-চারটা পরিবারের বাইরে তারা ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আমি সুজানগরের মানুষের জন্য রাজনীতির নতুন ধারা প্রবর্তন করব। ক্ষমতাকে জনমানুষের কাতারে নামিয়ে আনব ইনশাআল্লাহ। উপজেলার প্রতিটি দিক নিয়ে আমার বিস্তৃত গবেষণা আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ করব। আমার বিশ্বাস, সুজানগরবাসী তারুণ্যনির্ভর উদ্ভাবনী চিন্তার রাজনীতিকে লুফে নেবে।”
পরিশেষে মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, “সুজানগরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপান্তর করতে চাই। এ লক্ষ্য পূরণে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”