কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতা ২০২৬-এ গৌরবজনক গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন আয়ানা হাসান। কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতিভাবান লেখকদের মধ্যে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি এই অনন্য সাফল্য অর্জন করেন।

গত ১৬ নভেম্বর রয়্যাল কমনওয়েলথ সোসাইটি থেকে একটি আনুষ্ঠানিক ই–মেইলের মাধ্যমে এই স্বীকৃতির খবর পান আয়ানা হাসান। উল্লেখ্য, রয়্যাল কমনওয়েলথ সোসাইটিই এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজক। কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্যে তাঁর লেখার অসাধারণ মান এবং সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

একাডেমিয়া স্কুলের এ-লেভেল শিক্ষার্থী আয়ানা হাসান তাঁর রচনায় ফুটিয়ে তুলেছেন যে, কীভাবে অভিন্ন সাংস্কৃতিক উপাদান—বিশেষ করে ঐতিহ্য ও প্রথা—ভৌগোলিক দূরত্ব এবং সাংস্কৃতিক ভিন্নতাকে অতিক্রম করে মানুষকে একসূত্রে গেঁথে নিতে পারে। তাঁর লেখায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে, সাংস্কৃতিক বন্ধন কীভাবে বিভিন্ন জনগোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়।

চলতি বছরের প্রতিযোগিতায় কমনওয়েলথের ৫৬টি সদস্যদেশ থেকে রেকর্ড ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়েছিল, যার মধ্য থেকে তিনি এই বিশেষ সম্মাননা লাভ করেন।

অভিনন্দন বার্তায় রয়্যাল কমনওয়েলথ সোসাইটি প্রতিযোগীদের সৃজনশীল চিন্তা ও নতুন ধারণা কমনওয়েলথ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার ভূয়সী প্রশংসা করেছে। পাশাপাশি তারা তরুণ লেখকদের নিজেদের ভাবনা প্রকাশ অব্যাহত রাখার এবং নিজ নিজ সমাজ ও বিশ্বপরিসরে ইতিবাচক পরিবর্তনে নিজেদের কণ্ঠস্বর ব্যবহারের আহ্বান জানিয়েছে।

নিজের এই অর্জন সম্পর্কে আয়ানা হাসান বলেন, ‘নিজের দেশ সম্পর্কে ভালো কিছু করা বা বলার চেষ্টা আমাদের সবার থাকা উচিত। বিশ্বের যেকোনো প্ল্যাটফর্মে আমি এ সুযোগ কাজে লাগাতে চাই। আমাদের দেশের সংস্কৃতি নিয়ে লিখে স্বীকৃতি অর্জন সত্যিই গর্বের।’