গোপালগঞ্জের কাশিয়ানীতে এক বিক্ষোভ মিছিলের সামনে পড়ে গুরুতর আহত হয়েছেন আবু আলম নামের পুলিশের একজন পরিদর্শক। বিক্ষোভকারীদের দ্বারা তিনি কুপিয়ে ও পিটিয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে।
আহত পুলিশ পরিদর্শক আবু আলম মূলত বরগুনা পুলিশ লাইনে কর্মরত। সেখান থেকে এসে তিনি কাশিয়ানী এলাকায় টহলের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, বুধবার বেলা ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। সেই মিছিলের সামনেই পড়ে যান পরিদর্শক আবু আলম। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
হামলার পর তাকে দ্রুত উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।