গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজের মালিকানাধীন বাসের চাপায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি নিজেই ওই বাসের মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এনায়েত শেখ কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা জিএমএস পরিবহনের একটি বাস মাঝিগাতী বাসস্ট্যান্ডে এসে ব্রেক কষে থামে। বাসটি এনায়েত শেখের মালিকানাধীন ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা নড়াইল এক্সপ্রেসের একটি বাস দ্রুতগতিতে এসে জিএমএস পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে রাস্তার ওপর পড়ে যান। এরপরই তিনি নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে জানান, “এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”