জোহানেসবার্গে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি এখন চতুর্থ দিনের লড়াইয়ে পৌঁছেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৪০০ রান। সেই রানের জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের করা মোট রান ছাড়িয়ে লিড নিতে সক্ষম হয়েছে।

চতুর্থ দিনের খেলার ৯৩তম ওভারে হাসান মাহমুকের বলে লং অনের ওপর দিয়ে একটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কাগিসো রাবাদা। ৯৩.১ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৪০৫ রান। ফলে স্বাগতিকরা এখন ৫ রানের লিডে রয়েছে।

বর্তমানে ক্রিজে ১৮ রানে অপরাজিত রয়েছেন রাবাদা এবং ৬১ রানে অপরাজিত আছেন রায়ান রিকেলটন। অষ্টম উইকেটে এই দুই ব্যাটসম্যানের অবিচ্ছিন্ন জুটি এখন ২৯ রানের। বাংলাদেশের পক্ষে ৪টি উইকেট নেওয়া হাসান মাহমুদ আরও একবার উইকেট পাওয়ার খুব কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। বড় ধরনের লিড এড়াতে এখন দ্রুত দক্ষিণ আফ্রিকার শেষ তিন উইকেট তুলে নেওয়াই বাংলাদেশের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বৃষ্টি ও বজ্রপাতের কারণে আগের দিন খেলা সম্ভব হয়েছিল মাত্র ২৮ ওভার। তবে তৃতীয় দিনে দ্বিতীয় নতুন বলে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে পুনরায় ফিরে এসেছিল বাংলাদেশ।