ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যাতে ধৈর্যের সীমা ভেঙে যায়, তাই সেদিকে খেয়াল রাখা প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই বিশেষ সভার আয়োজন করে।

সভার বক্তব্যে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, “১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলে আখ্যা দিয়েছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য পুলিশের গাড়িতে ও বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল হামলা চালাচ্ছেন।” তিনি আরও অভিযোগ করেন যে, তারা কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করছেন এবং ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনা অনুযায়ী দেশের ভেতরে কিছু লোককে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

রিজভী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র, শ্রমিক ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, আবারও ব্যাংক লুটপাট এবং প্লট দখলের সেই পুরোনো ‘জমিদারি’ শাসন ফিরিয়ে আনতে বোমাবাজির মাধ্যমে প্রত্যাবর্তনের চেষ্টা চালানো হচ্ছে। তবে তিনি দৃঢ়ভাবে জানান, যে জাতি মওলানা ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো মহান নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো সম্ভব নয়।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করেছেন। তিনি জানান, ১৯৫৭ সালেই মওলানা ভাসানী উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান রাষ্ট্র টিকবে না এবং এই দেশ একদিন স্বাধীন হবে। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী অস্থির পরিস্থিতি এবং ১৯৭৬ সালে ফারাক্কা মিছিলের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে উল্লেখ করেন রিজভী।

তিনি আক্ষেপ করে বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি। আগামী প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দিতে এবং তাঁর সংগ্রামী জীবন সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা করা প্রয়োজন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।