গাজীপুর মহানগর পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে অবস্থানরত গাড়িটিতে এই আগুন দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, “গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের। আমরা খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি।”
অন্যদিকে, বুধবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উত্তেজনা বিরাজ করছিল। ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় পোশাক শ্রমিকরা হঠাৎ রাস্তায় নেমে আসেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফেলেন। এই আকস্মিক অবরোধের ফলে মহাসড়কের উভয় দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
বর্তমানে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন।