নাটোরের গুরুদাসপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ১৪ মাথা এলাকায় অবস্থিত চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, “গত কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার জন্য গভীর রাতে মশাল মিছিল বের করছে। সাধারণ মানুষকে ভীত করার চেষ্টা করছে। সন্ত্রাসীরা গভীর রাতে তাদের দলীয় কার্যালয়ে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।” তিনি আরও জানান, গভীর রাতে বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়। এরপর তারা বাইরে বেরিয়ে এসে বিএনপির কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন।
ঘটনাটি সম্পর্কে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”