প্রাকৃতিক সম্পদের অভাব, ক্ষুদ্র ভৌগোলিক আয়তন এবং নানা রাজনৈতিক ও জাতিগত জটিলতার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম শীর্ষ উন্নত অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দেশটির এই অভাবনীয় সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে দক্ষ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা, মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি, সুদূরপ্রসারী দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জাতীয় ঐক্য। তবে এই সাফল্য হুবহু অনুকরণ না করে বাংলাদেশের নিজস্ব আর্থ-সামাজিক বাস্তবতা অনুযায়ী সিঙ্গাপুরের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার রাজধানীর বাড্ডায় অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস আয়োজন করে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসনস ইন নেশন বিল্ডিং’ শীর্ষক এই সেমিনারটি। অনুষ্ঠানে ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিবুল মোস্তাফার লেখা ‘সিঙ্গাপুর: আ নেশন বিল্ডিং স্টোরি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সিঙ্গাপুরের উন্নয়ন কোনো একক প্রজন্মের একক প্রচেষ্টা নয়; বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে কয়েক প্রজন্মের মানুষের নিরলস পরিশ্রমে দেশটি আজকের এই উচ্চতায় পৌঁছেছে। ঔপনিবেশিক শাসন, কমিউনিজমের প্রভাব এবং জাতিগত সংঘাতের মতো কঠিন পথ পাড়ি দিয়ে দেশটি স্বাধীনতা, গণতন্ত্র, বহুজাতিসত্তার সহাবস্থান ও মেধাভিত্তিক ব্যবস্থাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে।

ফিলিপ অং মনে করেন, “সিঙ্গাপুরের অভিজ্ঞতা অন্য দেশের জন্য সরাসরি অনুসরণযোগ্য কোনো ছক নয়।” তিনি আরও বলেন যে, প্রতিটি দেশের ইতিহাস ও বাস্তব পরিস্থিতি ভিন্ন হয়। তাই বাংলাদেশ তার দক্ষ প্রতিষ্ঠান গঠন, সুশাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো বিষয়গুলো নিজেদের উপযোগী করে কাজে লাগাতে পারে।

অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, একজন প্রকৌশল শিক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা এই বইটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সিঙ্গাপুর কীভাবে সীমাবদ্ধতা কাটিয়ে একটি উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে, তা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে অধ্যাপক আসাদুল্লাহ বলেন, কৃষিপণ্য উৎপাদন থেকে কীভাবে উচ্চ মূল্য সংযোজিত শিল্পপণ্য রপ্তানিতে যাওয়া যায়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কীভাবে বিনিয়োগ করা যায়—এসব প্রশ্নের উত্তর খুঁজতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে আসতে পারে। এ ধরনের আলোচনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কূটনীতিক ও প্রকাশকদের একসঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করে।

সিঙ্গাপুরে বাংলাদেশের সাবেক হাইকমিশনার রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার বিষয় হিসেবে কার্যকর প্রতিষ্ঠান, নিয়ম মেনে চলা এবং নাগরিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাঁর অভিজ্ঞতা থেকে বলেন, দুই দেশের মধ্যে নীতিগত শিক্ষা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে।

বইটির লেখক অধ্যাপক রাকিবুল মোস্তাফা জানান, বইটি লিখতে তাঁর পাঁচ বছরের বেশি সময় লেগেছে। তিনি পেশায় একজন প্রকৌশলী ও শিক্ষক। বইটিতে তিনি সিঙ্গাপুরে কাটানো সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।

বইটির প্রকাশক মাহরুখ মহিউদ্দিন বলেন, এটি প্রচলিত অর্থে গবেষণাধর্মী বই নয়। তবে লেখকের গভীর পর্যবেক্ষণ ও আগ্রহের প্রতিফলন রয়েছে এতে। এমন বই পাঠকদের নতুনভাবে বিভিন্ন দেশ ও সমাজকে জানতে সাহায্য করে। বাংলাদেশের পাঠকদের কাছে সিঙ্গাপুরের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার বিষয়টিও বইটি প্রকাশের অন্যতম কারণ।