সিঙ্গাপুরের বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক বাজারজাত কার্যক্রম শুরু করেছে এসিআই বেভারেজেস। সিঙ্গাপুরভিত্তিক ফুড এম্পায়ার গ্রুপের এই জনপ্রিয় কফি ব্র্যান্ডটিকে বাংলাদেশের বাজারে পরিচিত করতে এসিআই বেভারেজেসের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি। এই পুরো প্রক্রিয়ায় বিশেষ সহযোগিতা প্রদান করছে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং।
গত ৭ অক্টোবর ঢাকার বনশ্রীর স্বপ্নের ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির আনুষ্ঠানিক বাজারজাতকরণের উদ্বোধন করা হয়। কার্যক্রমের শুরুর পর্যায়ে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে দুই ধরনের ইনস্ট্যান্ট কফি— ম্যাককফি অরিজিনাল এবং ম্যাককফি গোল্ড জার কফি।
এসিআই বেভারেজেস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বাজারে গরম পানীয়, বিশেষ করে কফির যে ক্রমবর্ধমান চাহিদা তৈরি হয়েছে, তা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মানের কফির স্বাদ পৌঁছে দিতে আগ্রহী।
উল্লেখ্য যে, ম্যাককফি বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে বাজারজাত করা হয়। ব্র্যান্ডটির মূল প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেড সিঙ্গাপুরভিত্তিক একটি বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদনকারী এবং বিপণনকারী প্রতিষ্ঠান। ইনস্ট্যান্ট কফি ছাড়াও তাদের তালিকায় রয়েছে চা, হট চকলেট এবং বিভিন্ন ধরনের স্ন্যাকসসহ নানা খাদ্যপণ্য।
বাংলাদেশে এই ব্র্যান্ডের ব্যবসা আরও সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতে স্থানীয়ভাবে ম্যাককফির জার কফি এবং থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পাশাপাশি ক্রেতাদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে নতুন স্বাদের কফিপণ্য বাজারে আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম এবং এসিআই ফুড অ্যান্ড বেভারেজের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা জাকির ইবনে হাই। এছাড়া এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডির পরিচালক প্রদীপ চৌহান ও মহাব্যবস্থাপক তান বুন হুয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা কার্যালয়ের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো।
এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানকুইক এবং নিজস্ব ইলেকট্রোলাইট পানীয় বাজারজাতের মাধ্যমে পানীয় খাতে নিজেদের ব্যবসার পরিধি বাড়িয়েছিল এসিআই বেভারেজেস। এখন ম্যাককফি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির পানীয় পণ্যের সম্ভার আরও সমৃদ্ধ হলো।
অন্যদিকে, জাপানের মিৎসুই অ্যান্ড কোং দীর্ঘ সময় ধরে বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। ১৯৫৮ সালে একটি লিয়াজোঁ অফিসের মাধ্যমে তারা এ দেশে যাত্রা শুরু করে। পরবর্তীতে বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, খাদ্য ও কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে তারা যুক্ত হয়। সাম্প্রতিক বছরগুলোতে এসিআই গ্রুপের সঙ্গেও তাদের ব্যবসায়িক অংশীদারত্বের সম্পর্ক আরও দৃঢ় ও সম্প্রসারিত হয়েছে।