এসএসসির নির্বাচনী পরীক্ষায় এক শিক্ষার্থী ছয়টি বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ঘটনার পর অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশ আটক করেছে।
মারধরের শিকার হওয়া প্রধান শিক্ষক ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও এই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে দেখা যায়, এক শিক্ষার্থী ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এর ফলে ওই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না—এমন কথা জানতে পারেন তার বাবা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তিনি সরাসরি প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করেন এবং কোনো কথা না বলেই তাঁকে চড় মারতে শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক তাঁর চেয়ারে বসে ছিলেন। হঠাৎই কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে চড় মারেন। পরবর্তীতে অন্য শিক্ষকেরা সেখানে পৌঁছে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী এবং নয়ন নামের একজন ব্যক্তিও কক্ষে প্রবেশ করেন। তাঁদের দুজনকেও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরণের আচরণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া মুক্তকণ্ঠকে বলেন, “প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।”