একুশে ফেব্রুয়ারি, মহান বিজয় দিবস, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, মহান স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ—বছরের এই ছয়টি বিশেষ দিনকে কেন্দ্র করে ফুল বিক্রির এক বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলচাষিরা।

আসন্ন এসব দিবসে ফুলের যে বাড়তি চাহিদা তৈরি হয়, তা মাথায় রেখেই বর্তমানে জমি প্রস্তুত, বীজতলা তৈরি, চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার কাজ চলছে পুরোদমে। চাষি ও ব্যবসায়ীদের প্রত্যাশা, এবারের উৎসব ও দিবসগুলো ঘিরে তারা ২০০ থেকে ২৫০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন।

শীতের আগমনে প্রাণচঞ্চল হয়ে উঠেছে দেশের ফুলের রাজধানী হিসেবে খ্যাত গদখালী। বিস্তীর্ণ মাঠ এখন রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, জারবেরা, টিউলিপ ও হাসনাহেনাসহ নানা জাতের ফুলে রঙিন হয়ে উঠেছে। ঝিকরগাছা উপজেলার পানিসারা, নীলকণ্ঠনগর, হাড়িয়া, বর্ণী, চাপাতলা, নারাঙ্গলী, টাউরা, নির্বাসখোলা, শিওরদাহ, বাউসা, গদখালী ও নাভারণ এলাকায় চলছে ফুলচাষিদের ব্যাপক কর্মযজ্ঞ। কাঙ্ক্ষিত উৎপাদন এবং বাজারে ভালো দাম পাওয়ার আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা।

ফুলচাষের ক্ষেত্রে বিদেশের বাজারেও নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। এ বছর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে ২৫ হাজার রজনীগন্ধা ও জারবেরা ফুল রপ্তানি করা হয়েছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই রপ্তানি প্রক্রিয়া অব্যাহত থাকলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুলের পরিচিতি আরও বাড়বে।

পটুয়াপাড়া গ্রামের ফুলচাষি আলী হোসেন বলেন, “দেড় বিঘা জমিতে চায়না গোলাপের চাষ করেছেন তিনি। উৎপাদন খরচ বাদ দিয়ে এ বছর আড়াই থেকে তিন লাখ টাকা লাভের আশা করছেন।”

ফুলচাষি রেজাউল ইসলাম জানান, ফুল চাষের মাধ্যমেই তাদের মতো অনেক কৃষকের সংসার চলে। তারা সারা বছরই বিভিন্ন প্রজাতির ফুলের চাষ করেন। বিশেষ দিন ও উৎসবের সময় ফুলের চাহিদা বহুগুণ বেড়ে যায় এবং তখন ভালো দাম পাওয়া গেলে কৃষকদের মুখে হাসি ফোটে। তবে তিনি উল্লেখ করেন, উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এখন ন্যায্যমূল্য পাওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, “ইউরোপের নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে নেদারল্যান্ডসে গ্লাডিওলাস ও জারবেরার ভালো বাজার রয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় মানসম্মত সব ধরনের ফুলের চাহিদা আছে। কিন্তু আমদানি-রপ্তানির ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নীতিমালা না থাকায় এই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “ফুল রপ্তানিতে প্রণোদনা ও ভ্যাট সুবিধা দিতে হবে। পাশাপাশি উন্নত প্যাকেজিং, ফ্রিজিং ও হিমায়িত পরিবহনের ব্যবস্থা সহজ করতে হবে। চাষিদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করা গেলে ফুলচাষ আরও লাভজনক হবে।”

আব্দুর রহিম আরও উল্লেখ করেন যে, প্লাস্টিকের তৈরি কৃত্রিম ফুল আমদানির ফলে দেশি ফুলের বিক্রি হ্রাস পেয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে আসা এই কৃত্রিম ফুলগুলো দেশীয় বাজারের ব্যাপক ক্ষতি করছে, যার ফলে জাতীয় দিবস ও উৎসবকেন্দ্রিক ফুল বিক্রি ব্যাহত হচ্ছে। তবে এবার একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবস, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ ঘিরে ২০০ থেকে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশীয় চাষিদের স্বার্থ রক্ষায় প্লাস্টিকের ফুল আমদানি বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রতি বছর ফুলের মৌসুমে গদখালীতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঝিকরগাছা উপজেলা সদর থেকে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে গদখালী বাজারের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। সেখান থেকে খুব সহজেই বিভিন্ন গ্রামের ফুলের মাঠে যাওয়া সম্ভব। পরিবার ও প্রিয়জন নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই এখানে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটকরা।

এবারও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে উপজেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে উপজেলায় ৫৭১ হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারের চাহিদা ও ভালো দাম পাওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে ফুল উৎপাদনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন চাষিরা। ফুলের জমিতে ছত্রাকসহ বিভিন্ন রোগবালাই দেখা দিলে তা প্রতিরোধে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। বর্তমানে বাজার পরিস্থিতিও অনুকূলে রয়েছে। সব মিলিয়ে, এ মৌসুমে গদখালীর ফুলচাষিরা ভালো ফলন ও ন্যায্য দাম পেয়ে যথেষ্ট লাভবান হবেন বলে আশা করছেন তিনি।”