মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও আদান-প্রদানের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে এর মূল প্রতিষ্ঠান মেটা। ‘জ্যাপস’ নামক একটি নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে তারা। এই সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপের নিজস্ব ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারবেন এবং ছোট আকারের ভিডিও ধারণ করে অন্যদের পাঠাতে পারবেন। তবে এই ছবি বা ভিডিওগুলো সাধারণ মেসেজের মতো চ্যাট বক্সে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে না। প্রাপক একবার দেখার সাথে সাথেই পাঠানো ছবি ও ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। যদিও মেটা আনুষ্ঠানিকভাবে এই ফিচারের কথা এখনো জানায়নি, তবে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৬.৪৬.২ বেটা সংস্করণের কোডে এই নতুন সুবিধার অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো।

ডব্লিউএবেটাইনফোর দেওয়া তথ্য অনুযায়ী, গুগল প্লে স্টোরে উপলব্ধ সংস্করণটি বিশ্লেষণ করে জ্যাপসের সম্ভাব্য কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা গেছে। উল্লেখ্য যে, চলতি বছরের ১৩ মে ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামক একটি সুবিধা চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন জীবনের স্বতঃস্ফূর্ত মুহূর্তের ছবি ও ছোট ভিডিও ধারণ করে ঘনিষ্ঠ বন্ধু এবং পারস্পরিক অনুসরণকারীদের সাথে শেয়ার করতে পারেন। সাধারণত এই ধরনের কন্টেন্ট কোনো অতিরিক্ত সম্পাদনা ছাড়াই পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের জ্যাপস ফিচারেও ব্যবহারকারীরা ঠিক একই ধরনের অভিজ্ঞতা পাবেন।

জ্যাপস ব্যবহারের প্রক্রিয়ায় ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপ ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। তবে ভিডিওর সর্বোচ্চ সময়সীমা কত হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদাহরণস্বরূপ, ইনস্টাগ্রামের ইনস্ট্যান্টসে প্রায় ৬ সেকেন্ডের ভিডিও পাঠানোর সুযোগ রয়েছে। জ্যাপসের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো, প্রাপক একবার দেখার পর ওই ছবি বা ভিডিওটি তার চ্যাট থেকে চিরতরে মুছে যাবে।

এই নতুন ফিচারটি কার্যকর হলে হোয়াটসঅ্যাপের চ্যাটস ট্যাবে ক্যামেরা চালু করার জন্য একটি বিশেষ আইকন দেখা যেতে পারে, যাতে লাইটিং বোল্ট চিহ্ন থাকবে। ওই আইকনে ট্যাপ করার মাধ্যমে বিশেষ ক্যামেরাটি চালু হবে এবং সেখান থেকে তাৎক্ষণিকভাবে ছবি বা ভিডিও ধারণ করে পাঠানো যাবে।

নিরাপত্তার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন জ্যাপসেও যুক্ত থাকতে পারে বলে জানিয়েছে ডব্লিউএবেটাইনফো। এর ফলে প্রেরক এবং প্রাপক ছাড়া তৃতীয় কোনো পক্ষের পক্ষে এই ছবি বা ভিডিও দেখা সম্ভব হবে না।

জ্যাপস পাঠানোর সুবিধাটি কেবল ব্যক্তিগত পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি বিভিন্ন গ্রুপেও এই ধরনের ছবি ও ভিডিও পাঠানো যাবে। এমনকি চ্যানেলেও জ্যাপস পাঠানোর সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও চ্যানেলের ক্ষেত্রে এটি ঠিক কীভাবে কাজ করবে তা এখনো অস্পষ্ট।

ইনস্টাগ্রামে ইনস্ট্যান্টসের জন্য আলাদা বিভাগ থাকলেও হোয়াটসঅ্যাপে জ্যাপস সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির চ্যাট উইন্ডোতেই দেখা যাবে। যদি একসঙ্গে একাধিক ছবি বা ভিডিও পাঠানো হয়, তবে সেগুলো আলাদা আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তার ভেতরে গুচ্ছ আকারে প্রদর্শিত হতে পারে। সেই বার্তায় মোট কতটি জ্যাপস পাঠানো হয়েছে, তার সংখ্যাও উল্লেখ থাকবে। প্রাপক চাইলে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন অথবা লিখিত বার্তার মাধ্যমে উত্তর দিতে পারবেন।

জ্যাপসের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রাপকের জন্য এটি একবার দেখার পর অদৃশ্য হয়ে গেলেও প্রেরক তার নিজস্ব চ্যাটে পাঠানো জ্যাপসটি দেখতে পাবেন। অর্থাৎ, প্রাপকের কাছে অদৃশ্য হয়ে গেলেও প্রেরকের কাছে সেটি দৃশ্যমান থাকবে।