হলিউডের জনপ্রিয় তারকা উইল স্মিথের পুত্র জাডেন স্মিথের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উত্তেজনা ছড়িয়েছে। ২৮ বছর বয়সী এই অভিনেতা ও সংগীতশিল্পীর সঙ্গে ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির প্রেমের সম্পর্ক রয়েছে বলে ইন্টারনেটে দাবি করা হচ্ছে। শুধু প্রেম নয়, অনেকের দাবি তাঁদের বাগদানও হয়ে গেছে। এই গুঞ্জনের সাথে সাথে তাঁদের হাত ধরে হাঁটা, চুম্বন এবং ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। দুজনের বয়সের ব্যবধান ৫৪ বছর হওয়ায় বিষয়টি নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল সৃষ্টি করে।

তবে চমকপ্রদ এই খবরের নেপথ্যে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, জাডেন ও মিশেলের প্রেমের খবরের কোনো বাস্তব ভিত্তি নেই। প্রকৃতপক্ষে, ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলোর বেশিরভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে অথবা অত্যন্ত নিপুণভাবে সম্পাদনা করা হয়েছে। এবিসি ১০ নিউজের তথ্য যাচাইয়েও এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাডেন স্মিথ কিংবা মিশেল লামি—কোনো পক্ষ থেকেই তাঁদের প্রেম বা বাগদানের খবরের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।

কীভাবে ছড়িয়ে পড়ল এই গুঞ্জন? এই অদ্ভুত প্রেমের গল্পের সূত্রপাত হয় ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, মিশেল লামির আশীর্বাদ নেওয়ার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন জাডেন। শুরুর দিকে বিষয়টিকে কেবল একটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে উপস্থাপন করা হলেও, পরবর্তীতে অন্য একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় যে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে।

১০ নভেম্বর থেকে এক্স এবং ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্কের বিষয়ে সরাসরি আলোচনা শুরু হয়। এই সময়েই তাঁদের হাত ধরে থাকা, চুম্বন এবং ঘনিষ্ঠ সেলফির ছবিগুলো ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখে অনেক মানুষ বিস্ময় প্রকাশ করেন। কেউ বয়সের বিশাল ব্যবধান নিয়ে প্রশ্ন তোলেন, আবার কেউ কেউ শুরু থেকেই ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

তথ্য অনুসন্ধানকারীরা জানিয়েছেন, এই ছবিগুলোর পেছনে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। কিছু ছবি সরাসরি এআই দিয়ে তৈরি, আবার কিছু ক্ষেত্রে অন্য আলোকচিত্র সম্পাদনা করে দুজনকে একসঙ্গে বসানো হয়েছে। যদিও প্রতিটি ছবি ঠিক কীভাবে তৈরি হয়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে তাঁদের প্রেমের সম্পর্কের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

কে এই মিশেল লামি? ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামি কেবল পোশাকের জগতেই সীমাবদ্ধ নন; তিনি একজন শিল্পী, পারফরমার এবং সৃজনশীল উদ্যোক্তা হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত। ফ্যাশন, আসবাবপত্র, আতিথেয়তা এবং পারফরম্যান্স আর্টের মতো বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন। তাঁর অদ্ভুত ও স্বতন্ত্র সাজপোশাক তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। বিশেষ করে সোনালি দাঁত, কালো রঙে রাঙানো আঙুল এবং ভারী গয়না তাঁর চেহারার অন্যতম বৈশিষ্ট্য।

ফ্যাশন দুনিয়ায় আসার আগে মিশেল ফ্রান্সে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং কিছুদিন ফৌজদারি মামলার আইনজীবী হিসেবে পেশায় নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যান এবং সেখানে পোশাকের ব্যবসা শুরু করেন। এভাবেই ধীরে ধীরে ফ্যাশন ও শিল্পের জগতে নিজের এক অনন্য অবস্থান তৈরি করেন তিনি।

মিশেলের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায়, তিনি মার্কিন ফ্যাশন ডিজাইনার রিক ওয়েন্সের স্ত্রী। নব্বইয়ের দশকে নিজের ফ্যাশন ব্যবসার জন্য পোশাকের নকশা তৈরি করতে রিককে নিয়োগ দিয়েছিলেন মিশেল। কাজের সূত্রে পরিচয় হওয়ার পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০০৬ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁরা যৌথভাবে 'ওয়েন্সকর্প' প্রতিষ্ঠা করেন, যার অধীনে পোশাক ও আসবাবসহ নানা সৃজনশীল উদ্যোগ পরিচালিত হয়। যদিও বিভিন্ন গণমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবরও প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, জাডেন স্মিথের পরিচয়ও বেশ বহুমুখী। হলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারে তাঁর জন্ম। তাঁর বাবা উইল স্মিথ এবং মা অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ। ২০০৬ সালে বাবার সঙ্গে ‘দ্য পারসুট অব হ্যাপিনেস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। পরবর্তীতে ২০১০ সালে জ্যাকি চ্যানের সঙ্গে ‘দ্য কারাতে কিড’ সিনেমায় অভিনয় করে তিনি তরুণ অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের জায়গা করে নিয়েছেন জাডেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন, পোশাক-আশাক এবং বিভিন্ন ব্যতিক্রমী কর্মকাণ্ড প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। এবার ৫৪ বছর বয়সের ব্যবধানের এই কথিত প্রেমের গুঞ্জন তাঁকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।