ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার আটপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিবেদিতা দেব বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। এই কমিটির সভাপতি পদের প্রার্থী হয়েছেন ওই বিদ্যালয়েরই সাবেক সহকারী শিক্ষক ও কাছারপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান খান। তবে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকায় তাঁকে সভাপতি করা সম্ভব নয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। এই বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিবেদিতা দেবের ওপর ক্ষুব্ধ হন নুরুজ্জামান।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে তেলিগাতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়াকে পাঠানো হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ডেকে আনার জন্য। তবে বিদ্যালয় ছেড়ে ওই বাড়িতে যেতে রাজি হননি নিবেদিতা। পরিবর্তে তিনি তাঁদের বিদ্যালয়ের কার্যালয়ে এসে কথা বলার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এরপর নুরুজ্জামান ও আনোয়ার হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর চড়াও হন। অভিযোগ উঠেছে, আনোয়ার হোসেন তাঁর পেটে লাথি মারেন এবং অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরবর্তীতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন। এই ঘটনার সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম আক্তার ও তাসলিমা সুলতানাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে, যা তাঁরা দুজন নিশ্চিত করেছেন।

নিবেদিতা দেব মুক্তকণ্ঠকে বলেন, “তাঁরা অন্য জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যেতে বলেন। কিসের বৈঠক, তা না জানায় আমি তাঁদের বিদ্যালয়ের কার্যালয়ে এসে কথা বলতে বলি। এরপরই তাঁরা আমার ওপর হামলা চালান। আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামানসহ আরও বেশ কয়েকজন আমাকে মারধর করেছেন। তাঁদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী ছিলেন।”

তিনি আরও বলেন, “আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন, এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে পেটের সন্তানসহ পুড়িয়ে মারার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।”

শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। তিনি জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামানসহ কয়েকজন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তাঁরা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান এবং ইউএনওর নির্দেশনায় লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আজ সোমবার সন্ধ্যায় মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, “আমরা বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে বসে বৈঠক করছিলাম। সেখান থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ডেকে আনতে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আসেননি। পরে নেতা-কর্মীরা বিদ্যালয়ে গিয়ে রাগের মাথায় তাঁকে গালমন্দ করেছেন। বলেছেন, “এই বিদ্যালয়ে আপনি থাকতে পারবেন না। আপনি বিদ্যালয়ে আওয়ামী লীগকে নিয়ে মিটিং করেন।” এরপর আমরা চলে এসেছি। তাঁকে পেটে লাথি মারা বা মারধরের ঘটনা ঘটেনি।”

অন্যদিকে, ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের প্রার্থী নুরুজ্জামান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এই ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। নোটিশে নুরুজ্জামানকে তেলিগাতি ইউনিয়নের বিএনপি-সমর্থিত নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।

মাছুম চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “জেলা বিএনপির সভাপতি নেত্রকোনা-২ (সদর- বারহাট্টা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভা করে রাতে দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর জানান, ওই শিক্ষিকা ও তাঁর স্বামী তাঁর কাছে এসেছিলেন। এ ঘটনায় শিক্ষিকা লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, শিক্ষিকার ওপর হামলা ও মারধরের লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।