নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান স্থানীয় সরকার নির্বাচনে তার চাচাতো ভাইয়ের ছেলেকে জয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তার এই বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় খলিলুর রহমান এই কথাগুলো বলেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে খলিলুর রহমানকে বলতে শোনা যায়, “আমি কথা দিলাম। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি যারা আছেন, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন। কোনো বিএনপি বা কোনো পুলিশ আপনাদের ছায়া না দিয়ে কষ্ট বা যন্ত্রণা দিলে তার দাঁতভাঙা জবাব দেব আমি। আপনাদের কোনো ভয় থাকবে না। এমপি যেহেতু মুখ বন্ধ রাখছেন, এখানে ভয়ের কোনো কারণ নেই। মামলা করতে হবে, তাই মামলা হয়েছে। কিন্তু মামলা হওয়ার পর আমার এই রৌহা ইউনিয়নে পুলিশ কয়দিন এসেছে?”

এই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। দলের একজন দায়িত্বশীল নেতার মুখে আওয়ামী লীগসহ প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতি এমন আশ্বাস এবং নিজ দল ও পুলিশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, এই বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া অসন্তোষের বিষয়ে খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু জানান, এটি তার ব্যক্তিগত মতামত, দলীয় বক্তব্য নয়। তবে তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের বক্তব্য কাম্য নয়।

অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, “ভিডিওটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে উনিই ভালো বলতে পারবেন।”