কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে সৃষ্ট বিরোধের জেরে তোফায়েল খাঁ (২৮) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। তার পরিবারের দাবি, এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই তাকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জের ৪ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোফায়েল হাজির হয়ে জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম তোয়াব এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামি তোফায়েল খাঁ অষ্টগ্রাম সদর ইউনিয়নের খান ঠাকুর দীঘিরপাড় এলাকার সজিল খাঁর পুত্র। অন্যদিকে, মামলার বাদী ওয়াসিম মিয়াও একই এলাকার বাসিন্দা এবং মৃত শাহ হোসেনের ছেলে। উল্লেখ্য, ওয়াসিমের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা দায়ের করা হয়েছে।
তোফায়েলের বাবা সজিল খাঁ অভিযোগ করে বলেন, এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তার ছেলেকে হয়রানি করার উদ্দেশ্যে ওয়াসিম এই মিথ্যা মামলাটি করেছেন। মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের ওপর প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৬ অক্টোবর বিকেলে খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় ইমন মিয়া (২০) নামের এক যুবকের মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই দিন ওয়াসিম, ইমনসহ তিন যুবক একটি মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা ধাওয়া করলে ওয়াসিমসহ দুজন পালিয়ে যান, তবে ইমনকে আটক করা হয়। উত্তেজনার এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমনকে থানায় নিয়ে যায়।
এই ঘটনার পরদিন ওয়াসিম মিয়া আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তোফায়েল খাঁ, জামান মিয়া ও মুসা মিয়াকে আসামি করা হয়। পাশাপাশি আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে ওয়াসিম উল্লেখ করেছেন, জমিজমা ও বসতবাড়িসংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ৬ অক্টোবর খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় তার বসতবাড়ির সামনের রাস্তায় আসামিরা তার পথরোধ করেন। একপর্যায়ে তার ব্যবহৃত অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন বাদী।
এই বিষয়ে মামলার বাদী ওয়াসিম মিয়া জানান, জমিজমা ও স্থানীয় বিরোধের জেরেই তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার দিন তাকে ও তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। তোফায়েলের জামিন নামঞ্জুর হওয়ার পর দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন ওয়াসিম।
নিজের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “মাদকের মামলা তো বেশ কয়েকটা ছিল। দুটিতে খালাস পেয়েছি। বাকিগুলো প্রতিহিংসার শিকার।”
তোফায়েলের চাচাতো ভাই সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কাউকে মামলায় জড়িয়ে হয়রানি করা হলে সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে নিরুৎসাহিত হবে। ওয়াসিম নিজে একজন মাদক কারবারি বলেও অভিযোগ করেন তিনি।
সোহেলের ভাষ্য, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া তোফায়েলই এখন তার করা মামলায় কারাগারে। মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও তোফায়েলের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, তিনি অষ্টগ্রাম থানায় যোগদানের আগেই মামলাটি আদালতে দায়ের করা হয়েছিল। মামলার বাদী ওয়াসিমের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তিনি নিজে ওয়াসিমকে একাধিকবার গ্রেপ্তার করেছেন।
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”