কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ওয়ানওয়ে সড়কের ভাতশালা সেতু এলাকায় পর্যটকবাহী একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন।

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা জজ কোর্টে অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহতদের মধ্যে গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন এবং অ্যাডভোকেট মহসীন রেজা সরকার অন্যতম। তাদের সহ আরও এক আইনজীবী আহত হয়েছেন।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে যান। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাওয়ার সময় অটোরিকশাটি একটি পর্যটকবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখা দেওয়ায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।