সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ও ভাইরাল হওয়া ইতি এখন আর বিয়ের কথা ভাবতে ইচ্ছুক নন। দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পর তিনি এখন নতুন করে নিজের জীবন গুছিয়ে নিতে আগ্রহী। বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা এই নারী এখন নিজের পায়ে দাঁড়ানো, আত্মনির্ভরশীল হওয়া এবং ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছেন।
জানা গেছে, সন্তান না হওয়াকে কেন্দ্র করে স্বামী রনির সঙ্গে ইতির দাম্পত্য জীবনে চরম টানাপোড়েন শুরু হয়। এই অশান্তির এক পর্যায়ে তিনি স্বামীর কাছ থেকে বিচ্ছেদের মুখে পড়েন। তবে সংসারটি টিকিয়ে রাখার জন্য তিনি স্বামীর পায়ে ধরে কান্নাকাটি করেন, কিন্তু তা সত্ত্বেও স্বামীর মন গলাতে ব্যর্থ হন তিনি। সেই হৃদয়বিদারক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গত ৭ নভেম্বর প্রকাশিত ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। একই সঙ্গে ইতির ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের প্রবল আগ্রহ তৈরি হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পুরুষ তাকে বিয়ের প্রস্তাব পাঠাতে শুরু করেন।
তবে এসব আলোচনা এবং প্রস্তাবের ভিড়েও আপাতত বিয়ের কথা ভাবছেন না ইতি। বরং জীবনের এই কঠিন অভিজ্ঞতাকে পেছনে ফেলে তিনি নতুনভাবে পথচলা শুরু করতে চান। নিজের ভবিষ্যৎ গড়ার বিষয়টিকে তিনি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
সোমবার রাতে মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে ইতি বলেন, “এই ঘটনার পর থেকে মানসিকভাবে অনেক টেনশনে আছি। তবে এই অবস্থায় আমি আর বিয়ে করতে চাই না। আগে মানসিকভাবে স্থির হতে হবে এবং নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। একটি চাকরির প্রস্তাব এসেছে, ভালো লাগলে সেখানে যোগ দিতে পারি।”
ইতির ভাষ্য অনুযায়ী, জীবনের এই পর্যায়ে এসে নতুন করে সংসার শুরুর চেয়ে নিজের পায়ে দাঁড়ানোই তার কাছে এখন অধিক গুরুত্বপূর্ণ। তাই আপাতত চাকরি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই সামনে এগোতে চান তিনি।