গ্রামবাংলার খাল-বিল, পুকুর এবং চিংড়ি ঘের থেকে সংগৃহীত শামুক এখন ছয়জন মানুষের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। এক সময় ভ্যান চালিয়ে জীবনধারণ করা এই ব্যক্তিরা এখন সেই পেশা ত্যাগ করে শামুক সংগ্রহ ও ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা গ্রাম ঘুরে শামুক সংগ্রহ করে বস্তাবন্দী করেন এবং তা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত চুন তৈরির কারখানায় পাঠিয়ে থাকেন। এই ব্যবসায়িক উদ্যোগের ফলে তাদের প্রত্যেকের দৈনিক আয় ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হচ্ছে, যা তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছে এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়াল গ্রামের বাসিন্দা মো. ফরহাদ হাওলাদার দীর্ঘ ১৬ বছর ধরে এই শামুকের ব্যবসার সঙ্গে জড়িত। তার সাথে আরও পাঁচজন এই কাজে নিয়োজিত রয়েছেন। তাদের মধ্যে তিনজন হলেন ব্যবসায়িক অংশীদার এবং বাকি তিনজন সহযোগী হিসেবে কাজ করছেন। ব্যবসার শুরুর দিকে তিন অংশীদার মিলে মোট ৭০ হাজার টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন। বর্তমানে এই ছয়জনই শামুক সংগ্রহ, বাছাই এবং পরিবহনের যাবতীয় কাজে সক্রিয়ভাবে যুক্ত।
তারা মূলত গোপালগঞ্জ, ফকিরহাট, চিতলমারী, পাথরঘাটা, পাটগাতী এবং যশোরের গাজীরহাটসহ বিভিন্ন এলাকা থেকে শামুক সংগ্রহ করেন। গ্রামে গ্রামে ঘুরে স্থানীয়দের কাছ থেকে বস্তা হিসেবে, খুচরা অথবা ঠিকা চুক্তির মাধ্যমে শামুক কেনেন তারা। সংগৃহীত শামুকগুলো বস্তাবন্দী করে যশোর, বরিশাল ও ফকিরহাটসহ দেশের বিভিন্ন এলাকার চুন তৈরির কারখানায় পাঠানো হয়।
বিশেষ করে পান খাওয়ার চুন তৈরির জন্য শামুকের খোলসের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদার কারণেই বিভিন্ন এলাকার মিলমালিকেরা নিয়মিত তাদের কাছ থেকে শামুক ক্রয় করেন। সংগৃহীত শামুক দীর্ঘ সময় মজুত করে রাখা সম্ভব হয় না, তাই পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ হলেই ট্রাকে করে কারখানায় পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে মো. ফরহাদ হাওলাদার বলেন, “একসময় আমরা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। পরে ভ্যান চালানো ছেড়ে মাত্র ৭০ হাজার টাকা পুঁজি নিয়ে শামুকের ব্যবসা শুরু করি। প্রথম দিকে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে ব্যবসার পরিধি বেড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল ও গোপালগঞ্জের বিভিন্ন খাল-বিল, পুকুর ও চিংড়ি ঘেরে প্রচুর শামুক পাওয়া যায়। স্থানীয় মানুষ এসব জলাশয় থেকে শামুক সংগ্রহ করে আমাদের কাছে বিক্রি করেন। এতে গ্রামের অনেক মানুষের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। যাদের অন্য কাজের সুযোগ কম, তারাও অবসর সময়ে শামুক সংগ্রহ করে সংসারে বাড়তি অর্থ যোগ করছেন। এই ব্যবসার মাধ্যমে এখন নিজের জীবিকার পাশাপাশি আরও কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি।”
ব্যবসার অংশীদার ডালিম শেখ জানান, প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ বস্তা শামুক সংগ্রহ করা হয়। প্রতি বস্তা ৫০০ থেকে ৬০০ টাকা দরে কিনে ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করা হয়। তবে সংগ্রহের স্থান এবং পরিমাণের ওপর ভিত্তি করে দামে কিছুটা তারতম্য হতে পারে। মাসে সাত থেকে আটটি চালান পাঠানো হয় এবং প্রতিটি ট্রাকে কখনো ৫২ বস্তা, আবার কখনো ৭০ থেকে ৭২ বস্তা শামুক থাকে।
সহযোগী উলি শেখ বলেন, “আগে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেই পেশা ছেড়ে এখন শামুকের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। গ্রামে গ্রামে ঘুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শামুক সংগ্রহ করতে হয়। তবে ভ্যান চালানোর তুলনায় এ পেশায় আয় কিছুটা বেশি এবং প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হয়। এতে সংসার চালাতে আগের চেয়ে অনেকটাই সুবিধা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “আগে এলাকার অনেক মানুষ শামুক সংগ্রহ করলেও সেগুলো বিক্রির নির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। এখন ব্যবসায়ীরা গ্রামে এসে শামুক কিনে নেওয়ায় স্থানীয় মানুষের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের নিয়মিত কাজ নেই, তারা অবসর সময়ে শামুক সংগ্রহ করে বিক্রি করছেন। এতে একদিকে যেমন কয়েকজনের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে গ্রামের সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন।”
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, “শামুক জলজ পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। জলাশয়ের তলদেশের জৈব পদার্থ ও শৈবাল খেয়ে এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তবে বাণিজ্যিকভাবে অতিরিক্ত শামুক আহরণ করলে জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই শামুক সংগ্রহের ক্ষেত্রে প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তারের বিষয়টি বিবেচনা করা জরুরি। পাশাপাশি শামুকের টেকসই আহরণ ও সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে।”