মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন এবং তাঁর রেখে যাওয়া কাজগুলোকে আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ভাসানী জনশক্তি পার্টি’ এই আলোচনা সভার আয়োজন করে।

বক্তব্যের প্রারম্ভে রুহুল কবির রিজভী মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, “ছোটবেলায় ওনাকে কিছুটা দেখার সুযোগ হয়েছিল। তার কর্মপরিধি এতটাই বিস্তৃত যে তা নিয়ে সংক্ষেপে বলা কঠিন, এর জন্য অনেক সময়ের প্রয়োজন। তিনি যে কাজগুলো রেখে গেছেন, সেগুলো যেন আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি।”

ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।