পাকিস্তানের তাবলিগ জামাতের আমির এবং প্রখ্যাত মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

গত সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার এই প্রয়াণে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

২০১৮ সাল থেকে পাকিস্তানে তবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা নযরুর রহমান। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.) এর ইন্তেকালের পর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি দ্বীনের দাওয়াত এবং তবলিগের মেহনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন।

রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে তার জন্ম। ১৯২৯ সালে জন্মগ্রহণকারী এই প্রথিতযশা আলেমের বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। তিনি পাকিস্তানে তবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী হিসেবে পরিচিত ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে উৎসর্গ করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রমেও তিনি বিশেষ অবদান রেখে গেছেন।

সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে তার ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, “ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।” পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।