বরগুনার বামনা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আসমা বেগম (৩৫) নামের এক স্কুলশিক্ষক। এই ঘটনার পর পুলিশ টমটমচালককে আটক করেছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা এলাকায় ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পাশে বামনা-পাথরঘাটা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মন্নান মিয়ার কন্যা। তিনি উপজেলার ডৌয়াতলা এলাকায় অবস্থিত গাজী প্রিক্যাডেট স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে আসমা বেগম তার ছোট মেয়েকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা একটি ইট-বালুবাহী টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মেয়েসহ রাস্তায় ছিটকে পড়েন। এরপরই মেয়েকে রক্ষা করতে গিয়ে তিনি টমটমের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত জনতা টমটমটির একটি চাকায় আগুন ধরিয়ে দেয় এবং চালক জাহিদকে আটকে রেখে পুলিশের সাহায্য চায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং টমটমচালক মো. জাহিদকে আটক করে নিয়ে যায়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান মুক্তকণ্ঠকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমটমচালককে আটক করে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত আসমা স্কুলশিক্ষক হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় মামলা নেওয়া হবে।”