মালয়েশিয়াগামী কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম এখন পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। এই স্বাস্থ্য পরীক্ষার জন্য জনপ্রতি ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশজুড়ে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাতে মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্যের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা অনুযায়ী, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে থেকে কাজ করতে পারবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা তাদের পছন্দমতো অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পারবেন।

নির্দেশনায় আরও স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো এজেন্সি যদি মেডিকেল স্লিপ প্রদান করে এবং পরবর্তীতে সেই কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে পূর্বের এজেন্সিকে কোনো বিলম্ব না করে তার মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এই প্রক্রিয়ায় স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো ধরনের আপত্তি গ্রহণযোগ্য হবে না।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। একই সঙ্গে কর্মীদের সতর্ক করে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য কোনোভাবেই ৮ হাজার টাকার বেশি প্রদান না করতে এবং কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করতে।

এছাড়া, কোনো মেডিকেল সেন্টার যদি নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দাবি করে কিংবা কর্মীদের কোনো ধরনের হয়রানি বা টালবাহানা করে, তবে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ জানানোর জন্য মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা [email protected] প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

যে ৫১টি কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে তাদের তালিকা নিচে দেওয়া হলো:

মতিঝিলের এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস ও রামিন হেলথ সেন্টার; ফকিরাপুলের ওয়াদি হেলথ চেকআপ ও মেডিফ্লাই হেলথ সার্ভিসেস; পুরানা পল্টনের ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইউনিটি মেডিকেল চেকআপ সেন্টার, এ এফ মেডিকেল সেন্টার, স্টার মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক, আনাস মেডিকেল সেন্টার লিমিটেড ও আল-জামী ডায়াগনস্টিক সেন্টার; নয়াপল্টনের আইডিয়াল ডায়াগনস্টিক, সানলাইট ডায়াগনস্টিক, রিলায়েন্স ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক, হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও ওয়ান প্লাস মেডিকেল সেন্টার; বিজয়নগরের পারফেক্ট মেডিকেয়ার ও কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার এবং ডিআইটি অ্যাভিনিউয়ের ভিটা হেলথ মেডিকেল।

পাশাপাশি বনশ্রীর ফেমাস স্পেশালাইজড হাসপাতাল; রামপুরার লিডিং হেলথ চেকআপ লিমিটেড, ডায়নামিক ল্যাব, পশ্চিম রামপুরার ডেল্টা হেলথ কেয়ার ও পিওর হেলথ মেডিকেল সেন্টার; বনানীর গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সারা মেডিকেল সেন্টার, সারা হেলথ কেয়ার, চেয়ারম্যান বাড়ির এলবি হেলথকেয়ার ও সানমুন মেডিকেল সেন্টার; কাকলীর পুষ্প ক্লিনিক; প্রগতি সরণির ইনডেক্স ডায়াগনস্টিক সেন্টার; উত্তর বাড্ডার ল্যাব কোয়েস্ট লিমিটেড; মাদানি অ্যাভিনিউয়ের স্ট্যান্ডার্ড মেডিকেল সেন্টার এবং বসুন্ধরা আবাসিক এলাকার সুরক্ষা মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করা যাবে।

তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে- দক্ষিণখানের জান্নাহ মেডিকেল সার্ভিসেস, উত্তরা সেক্টর-৪-এর মাইল্যাব মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আবদুল্লাহপুরের আইচি হাসপাতাল, গাজীপুরের শাহিদা খাতুন ডিজিটাল মেডিকেল সেন্টার, ধানমন্ডির গ্রিন রোডের ল্যাব সায়েন্স ডায়াগনস্টিক, ক্যান্টনমেন্ট মানিকদীর ইশতিয়াক মেডিকেল সেন্টার ও ট্রু হেলথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাটিকাটার মেডিপ্যাথ মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কাফরুলের স্মার্ট মেডিকেল সেন্টার।

অন্যান্য অনুমোদিত কেন্দ্রের মধ্যে রয়েছে- নিউ ইস্কাটনের ইউনিকেয়ার মেডিকেল সার্ভিসেস, মগবাজারের গ্রিনল্যান্ড মেডিকেল সেন্টার, কাকরাইলের কেয়ার ওয়েভ, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, তেজগাঁওয়ের জারা হেলথ কেয়ার, তেজগাঁও বিমানবন্দর সড়কের এভারগ্রিন মেডিকেল সেন্টার এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ওয়ার্ল্ড হরাইজন মেডিকেল সার্ভিসেস।